ভক্তদের হতবাক করে দিয়ে বিষ্ময়কর এক ঘোষণা দিলেন দেশের জনপ্রিয় সংগীতশিল্পী, অভিনেতা ও উপস্থাপক তাহসান খান। বর্তমানে অস্ট্রেলিয়া সফর করছেন এই তারকা। সেখানে মেলবোর্নে তার শেষ কনসার্টে ঘোষণা দিলেন তিনি। অভিনয় ছাড়ার ঘোষণার পর তিনি এবার সংগীত ক্যারিয়ারও ধীরে ধীরে গুটিয়ে নিচ্ছেন। তার বক্তব্যে মিশে ছিল আবেগ, কৃতজ্ঞতা ও বিদায়ের সুর।
সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়া একটি ভিডিওতে দেখা যাচ্ছে, স্টেজের সামনে দাঁড়িয়ে ভক্তদের উদ্দেশে তাহসান বলছেন, ‘এটাই আমার শেষ কনসার্ট। আস্তে আস্তে মিউজিক ক্যারিয়ারটাও গুটিয়ে ফেলব। মেয়ে বড় হচ্ছে, এখন কি স্টেজে দাঁড়িয়ে এমন লাফালাফি করতে ভালো লাগে?’
কনসার্টে তিনি আরও জানান, এরই মধ্যে নিজের সব সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট ডিঅ্যাক্টিভ করেছেন। এই ঘোষণার পর অনেকেই খুঁজে দেখেছেন, সত্যিই তাহসানের ফেসবুক ও ইনস্টাগ্রাম একাউন্ট অ্যাক্টিভ নেই।
প্রিয় শিল্পীর এই বিদায়ের সুরে মূহূর্তেই আবেগে ভেসে যান উপস্থিত দর্শকরা। দীর্ঘ দুই দশকেরও বেশি সময় ধরে গান, নাটক ও উপস্থাপনার মাধ্যমে মানুষের হৃদয়ে জায়গা করে নেওয়া তাহসানের এমন বিদায় ঘোষণা অনেকেই মেনে নিতে পারছেন না।
এর আগে অভিনয় থেকেও সরে দাঁড়ানোর ঘোষণা দেন তাহসান। গত বছর তিনি বলেন, ‘আমি ২০ বছর ধরে অভিনয়ে কাজ করছি। কখনো কখনো নিজেকেই নিজের বিরতি নিতে হয়। কাজ একঘেয়ে হয়ে গেলে, ভালো কাজ না হলে তখন থেমে যাওয়া জরুরি।’
অভিনয়-সংগীত দুই ক্ষেত্র থেকেই ধীরে ধীরে সরে আসার পেছনে শারীরিক সমস্যাও বড় কারণ। কিছুদিন আগে তাহসান জানান, তার কণ্ঠনালিতে হেটেরোটোপিয়া নামের একটি রোগ বাসা বেঁধেছে। এই সমস্যায় গলার কাঠামো পরিবর্তিত হয়, গান গাওয়ার আগ্রহ ও সক্ষমতা দুটোই কমতে থাকে।
২০১৮ সাল থেকেই সমস্যাটি শুরু হয়। তখন তিনি ভক্তদের উদ্দেশে বলেছিলেন, ‘যত দিন যাচ্ছে আমার গান গাওয়ার সক্ষমতাও কমছে। যদি কোনোদিন দেখেন আমি কনসার্ট বা লাইভ শো কমিয়ে দিয়েছি, বুঝবেন সমস্যাটা বেড়েছে। তখন আমার জন্য দোয়া করবেন।’
প্রসঙ্গত, ‘ব্ল্যাক’ ব্যান্ডের মাধ্যমে সংগীতে পথচলা শুরু করেন তাহসান খান। ব্যান্ডের হয়ে গেয়েছেন বেশ কিছু জনপ্রিয় গান। এরপর ২০০৪ সালে সোলো অ্যালবাম ‘কিছু কথা’ দিয়ে শ্রোতাদের হৃদয় জয় করে নেন। পরে একক শিল্পী হিসেবে এবং ‘তাহসান অ্যান্ড দ্য সুফিজ’ ব্যান্ডের সঙ্গে কাজ করেছেন। তার গাওয়া ‘চোখে চোখে কথা হতো’, ‘ভালবেসে কেউ ভুল করো না’, ‘যদি কোনোদিন’, ‘চলে যাও তবে’ ইত্যাদি গান বহু হৃদয়ে দাগ কেটেছে।
এবার সিয়াম-সাবিলার রসায়ন
ব্যালন ডি’অরের বড় দাবিদার দেম্বেলে অনুষ্ঠানে থাকছেন তো?
সব ধর্ম মিলে একসঙ্গে কাজ করব: স্বরাষ্ট্র উপদেষ্টা
রাজনীতিকদের জাতিসংঘ সফর, কড়া সমালোচনায় রাশেদ খান
পোষ্য কোটা বাতিলের প্রতিবাদে চলছে ‘কমপ্লিট শাটডাউন’
পার্লামেন্ট নির্বাচনের তারিখ ঘোষণা সিরিয়ার