ভোজ্যতেলের দাম লিটারে ১ টাকা বাড়ছে, ক্ষুব্ধ ব্যবসায়ীরা

ভোজ্যতেলের ব্যবসায়ীরা প্রতি লিটার সয়াবিন তেলের দাম ১০ বাড়ানোর প্রস্তাব করেছিল বাণিজ্য মন্ত্রণালয়ে। কিন্তু মন্ত্রণালয় এক বৈঠক করে প্রতি লিটার সয়াবিন তেলের দাম এক টাকা বাড়ানোর সিদ্ধান্ত দিয়েছে। তবে এ সিদ্ধান্ত মানতে নারাজ বাজারজাতকারী প্রতিষ্ঠানগুলোর, মন্ত্রণালয়ের চাপাচাপিতে তাদের মন খারাপ হয়েছে। ফলে ব্যবসায়ীদের এই এক টাকা বাড়ানোর বিষয়টি সংবাদ বিজ্ঞপ্তি দিয়ে জানানোর নির্দেশনা দিলেও তারা সেটা করবে না বলে জানা গেছে।

আজ সোমবার ভোজ্যতেলের দাম বাড়ানোর প্রস্তাবের পরিপেক্ষিতে দেশের ভোজ্যতেল পরিশোধন ও বিপণনকারীদের সংগঠন বাংলাদেশ ভেজিটেবল অয়েল রিফাইনার্স অ্যান্ড বনস্পতি ম্যানুফেকচারার্স অ্যাসোসিয়েশনের সঙ্গে বৈঠক করে বাণিজ্য মন্ত্রণালয়। সভায় বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দিন উপস্থিত ছিলেন। বৈঠকটি হয়েছে বস্ত্র ও পাঠ মন্ত্রণালয়ের সভাকক্ষে।

সভা সূত্রে জানা গেছে, কয়েকদিন আগে সয়াবিন ও পাম ওয়েলের দাম লিটারে ১০ টাকা বাড়ানোর প্রস্তাব দিয়েছিল ব্যবসায়ীরা। তবে এতো দাম বৃদ্ধির বিষয়ে আপত্তি তুলে বাণিজ্য মন্ত্রণালয় প্রতি লিটার তেলের দাম এক টাকা করে বাড়াতে বলেছে ব্যবসায়ীদের।

তবে এ বিষয়ে বাণিজ্য মন্ত্রণালয় কিংবা বাংলাদেশ ভেজিটেবল অয়েল রিফাইনার্স অ্যান্ড বনষ্পতি ম্যানুফেকচারার্স অ্যাসোসিয়েশন কিছু জানায়নি। বৈঠকের পরে সাংবাদিকদের ব্রিফ করার কথা থাকলেও সেটা হয়নি। সিদ্ধান্তহীনভাবে ভোজ্যতেলের ঐ বৈঠক শেষ হয়েছে বলে প্রচার করা হয়।

এখন বাজারে প্রতি লিটার বোতলজাত সয়াবিন তেলের সরকার নির্ধারিত দাম ১৮৯ টাকা, খোলা সয়াবিন ১৭৪ ও পাম তেলের দাম ১৫০ টাকা রয়েছে। 

তবে সভা সূত্রে জানা গেছে, কোম্পনিগুলো তেলের দাম বাড়ানোর যে প্রস্তাব দিয়েছে, সেটা অনেক বেশি বলে মনে করছে বাণিজ্য মন্ত্রণালয়। প্রতি লিটারে ১০ টাকা বাড়ানো আন্তর্জাতিক বাজারের সঙ্গে সঙ্গতিপূর্ণ নয়। ব্যবসায়ীদের এই প্রস্তাব পর্যালোচনা করে এক টাকা বাড়ানো হচ্ছে।

বৈঠকে উপস্থিত ব্যবসায়ীদের একজন দেশ রূপান্তরকে জানান, ট্যারিফ কমিশন থেকে যে পর্যালোচনা দেওয়া হয়েছে তাতে করে সয়াবিন তেলের দাম সাড়ে চার টাকা এবং পাম ওয়েলের দাম সাড়ে ৬ টাকা বৃদ্ধির সুযোগ রয়েছে। কিন্তু মন্ত্রণালয় বলেছে, এই মুহূর্তে দাম বাড়ানো যাবে না। ব্যবসায়ীরা চাইলে খোলা তেলের দাম বৃদ্ধির অনুমতি দেবে- তবে বোতলজাত তেলের দাম এক টাকার বেশি বাড়ানো যাবে না।