চন্দনাইশে গ্যাস বিস্ফোরণে দগ্ধ গুদাম মালিক মারা গেছেন

চট্টগ্রামের সাতকানিয়া ও চন্দনাইশ উপজেলার সীমান্তবর্তী চরতী এলাকায় অনুমোদনহীন গ্যাস ক্রস ফিলিংয়ের কারখানার গুদামে সিলিন্ডার বিস্ফোরণের ঘটনায় অগ্নিদগ্ধ গুদাম মালিক মাহাবুবুর রহমান মাহাবু (৪৭) মারা গেছেন। সোমবার (২২ সেপ্টেম্বর) ঢাকার জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। এ নিয়ে দগ্ধ তিনজনের মৃত্যু হয়েছে। 

মৃত মাহাবুবুর রহমান চন্দনাইশ উপজেলার বৈলতলী ইউনিয়নের দক্ষিণ বৈলতলীর (৩ নং ওয়ার্ড) ভূঁইয়া বাড়ির কবির আহমেদ ভূঁইয়ার ছেলে। এর আগে শনিবার রাতে একই ঘটনায় ওই গুদামের দুই শ্রমিক মো. ইদ্রিস (২৬) ও মো. ইউসুফ (৩০) মারা যান।

একই ঘটনায় আহত হয়ে ঢাকার জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন রয়েছেন আরও সাতজন। তারা হলেন— মোহাম্মদ আকিব (১৭), মো. হারুন (২৯), মো. কফিল (২২), মো. রিয়াজ (১৭), মো. সৌরভ রহমান (২৫), মো. লিটন (২৮) ও মো. ছালেহ (৩৩)।

স্থানীয়রা জানিয়েছেন, প্রায় এক বছর আগে সাতকানিয়া ও চন্দনাইশ উপজেলা সীমান্তবর্তী চরতী ইউনিয়নের নির্জন এলাকায় অবৈধভাবে গ্যাস ক্রসফিলিং গুদাম গড়ে তোলেন মালিক মাহাবুবুল আলম। ওই গুদামে সরকারি বড় বোতল থেকে ছোট বোতলে গ্যাস স্থানান্তর করে বাজারজাত করা হত।

গত ১৭ সেপ্টেম্বর ভোর সাড়ে ৬টার দিকে গ্যাস সিলিন্ডারের গুদামে বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে ওই দোকানের মালিক-শ্রমিকসহ ১০ জন দগ্ধ হন। তাদের উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলেও আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় স্থানান্তর করা হয়।

গুদাম মালিকের মারা যাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন বৈলতলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এস এম সায়েম।