বাঁহাতি ব্যাটারের বিপক্ষে বল করতে চান না সুমনা!

দ্বিতীয় ওয়ানডে বিশ্বকাপে অংশ নিতে আগামীকাল শ্রীলঙ্কার উদ্দেশে রওনা দেবে বাংলাদেশের নারী ক্রিকেট দল। তার আগে আজ মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে আনুষ্ঠানিক ফটোসেশন ও সংবাদ সম্মেলনে বিশ্বকাপকে সামনে রেখে লক্ষ্য, দলীয় সমন্বয় ও খেলোয়াড় বাছাই প্রসঙ্গে কথা বলেন কোচ সারওয়ার ইমরান ও অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি।

সেখানে উঠে আসে সাম্প্রতিক সময়ে দুর্দান্ত ফর্মে থাকা জান্নাতুল ফেরদৌস সুমনাকে বিশ্বকাপ দলে জায়গা না পাওয়া প্রসঙ্গ। কোচ সারওয়ার জানান, বিস্ময়কর হলেও সত্যি—সুমনা বাঁহাতি ব্যাটারদের বিপক্ষে বল করতে রাজি নন। দীর্ঘ পর্যবেক্ষণের পর নির্বাচকেরা তাই তাঁর পরিবর্তে অফ স্পিনার নিশিতা আক্তার নিশির ওপর আস্থা রেখেছেন। “সুমনার ব্যাপারে সিদ্ধান্তে আসতে আমাদের সময় লেগেছে। নির্বাচকদের সঙ্গে আমি ও অধিনায়কও ছিলাম। পাকিস্তানের সঙ্গে ম্যাচে একবার অধিনায়ক সুমনাকে বল করতে বললেও সে করেনি, কারণ প্রতিপক্ষ ছিলেন বাঁহাতি ব্যাটার। শুধু আন্তর্জাতিক ম্যাচেই নয়, অনুশীলন কিংবা প্রস্তুতি ম্যাচেও একই সমস্যা দেখা গেছে।”

সারওয়ার ইমরান আরও যোগ করেন, “আমাদের জন্য বড় ম্যাচ হলো পাকিস্তান ও শ্রীলঙ্কার বিপক্ষে। সেখানে বাঁহাতি ব্যাটারের বিরুদ্ধে কার্যকর একজন অফ স্পিনার দরকার। নিশিতার সঠিক লাইন-লেংথ, সাহসিকতা ও চিন্তা করার ক্ষমতা সুমনার চেয়ে এগিয়ে। তাই পারফরম্যান্স খারাপ হওয়ার কারণে নয়, দলের প্রয়োজনেই সুমনাকে রাখা হয়নি।”

এদিকে অধিনায়ক জ্যোতিও জানান, দীর্ঘ পর্যবেক্ষণ ও প্রস্তুতি ম্যাচের পারফরম্যান্স বিবেচনায় নিশিতাকে এগিয়ে রাখাই যৌক্তিক মনে হয়েছে, “প্রিমিয়ার লিগ বা বাছাইপর্বে সুমনা দুর্দান্ত খেললেও সেটা কয়েক মাস আগের কথা। গত চার মাসে পরিস্থিতি অনেকটা বদলেছে। আমরা দুজনকেই দেখেছি, কিন্তু অনুশীলন ও প্রস্তুতি ম্যাচে নিশিতাকে বেশি প্রস্তুত মনে হয়েছে।”