শাবিপ্রবিতে অনুমতি নিয়ে দলীয় কর্মসূচি চালানো যাবে

প্রায় ১০ মাস পর সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) দলীয় ব্যানারে রাজনৈতিক কর্মসূচির ওপর নিষেধাজ্ঞা স্থগিত করেছেন কর্তৃপক্ষ। এখন থেকে প্রক্টরের অনুমতি নিয়ে ক্যাম্পাসে রাজনৈতিক কর্মসূচি চালানো যাবে।

সোমবার (২২ সেপ্টেম্বর) দুপুরে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার সৈয়দ ছলিম মো. আবদুল কাদির স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত বছর ৬ নভেম্বর ক্যাম্পাসে ছাত্র রাজনীতির ওপর নিষেধাজ্ঞা দেওয়া হয়েছিল। সেই নিষেধাজ্ঞা তুলে নেওয়ার বিষয়ে চলতি বছরের ১৮ সেপ্টেম্বর প্রক্টরিয়াল কমিটি ও সর্বদলীয় ছাত্র সংগঠনের মধ্যে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় সর্বসম্মত সুপারিশের ভিত্তিতে কর্তৃপক্ষ নিষেধাজ্ঞা স্থগিত করার সিদ্ধান্ত নিয়েছে। ফলে  শিক্ষার্থীদের কল্যাণমূলক রাজনৈতিক কার্যক্রম বিশ্ববিদ্যালয়ের প্রক্টরের অনুমোদনক্রমে পরিচালনা করতে হবে। তবে একাডেমিক ভবন, প্রশাসনিক ভবন ও আবাসিক হলে কোনো সভা-সমাবেশ বা মিছিল করা যাবে না।

এছাড়া শাহজালাল বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্রসংসদ (শাকসু) নির্বাচনের আগে প্যানেল গঠন এবং পরিচিতিমূলক কর্মসূচিগুলোও হল প্রশাসনের অনুমতি সাপেক্ষে আয়োজন করা যাবে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।