বিজ্ঞানভিত্তিক গবেষণার মাধ্যমে অপরাধের কার্যকারণ নির্ণয়ের গুরুত্ব অনুধাবন করেই দেশে মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ২০০৩ সাল থেকে ক্রিমিনোলজি অ্যান্ড পুলিশ সায়েন্স বিভাগের যাত্রা শুরু হয়। শুরুতে বিভাগটিতে কঠোর শৃঙ্খলা ও নিয়মানুবর্তিতার মাধ্যমে শিক্ষার্থীদের ভর্তি কার্যক্রম সম্পন্ন হয়। পরবর্তীকালে বিভাগটির প্রয়োজনীয়তা ও তাৎপর্য অনুধাবন করে ঢাকা বিশ্ববিদ্যালয়ে সমাজতত্ত্ব বিভাগের আওতাধীন ক্রিমিনোলজি ও ক্রিমিনাল জাস্টিস বিষয়ে প্রফেশনাল মাস্টার্স প্রোগ্রাম চালু হয়। প্রোগ্রামটিতে ব্যাপক সাড়া পড়ায় স্বতন্ত্র হিসেবে ক্রিমিনোলজি বিভাগ চালু হয়। সর্বশেষ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ২০১৭-১৮ সেশন থেকে ক্রিমিনোলজি অ্যান্ড পুলিশ সায়েন্স বিষয়ে চার বছর মেয়াদি অনার্স কোর্স শুরু হয়। পরে মাস্টার্স কোর্সও চালু হয়েছে।
পড়ার বিষয়
ক্রিমিনোলজির মৌলিক বিষয়, আইন, সোসিওলজি, ক্রিমিনাল সাইকোলজি, পরিসংখ্যান, জেনোসাইড স্টাডি, সিকিউরিটি ম্যানেজমেন্ট, পুলিশিং, পলিটিক্যাল ইকোনমি অ্যান্ড ক্রাইম, ফরেনসিক, অপরাধ তদন্ত, মানবাধিকার, পুলিশ লিডারশিপ ইত্যাদি বিষয় ক্রিমিনোলজির পাঠ্য। মাল্টি-ডিসিপ্লিনারি সাবজেক্ট হওয়ায় বায়োলজি, ইকোনমিকস, সাইকোলজি, সাইকিয়াট্রি, সেরোলজি, আন্তর্জাতিক সম্পর্ক, পলিটিকস অ্যান্ড গভর্নেন্স, রিসার্চ মেথডোলজিও পড়ানো হয়। তা ছাড়া ইন্ট্রোডাকশন টু পুলিশিং, ফান্ডামেন্টাল অব ল’, ক্রিমিনাল জাস্টিস সিস্টেম, মিডিয়া অ্যান্ড ক্রাইম, ক্রাইম সিন ইনভেস্টিগেশন, ফরেনসিক সাইকোলজি এবং সাইকিয়াট্রি, ফরেনসিক সেরোলজি, জেন্ডার অ্যান্ড ক্রাইম-ক্রিমিনাল জাস্টিস, টেররিজম অ্যান্ড সিকিউরিটি স্টাডিজ, ফরেনসিক অ্যান্ড ক্রিমিনাল ইনভেস্টিগেশন, এনভায়রনমেন্টাল ক্রাইম, ক্রাইম প্রিভেনশন, পলিটিকস অ্যান্ড ক্রাইম, সাইবার ক্রাইম ইত্যাদি বিষয়ও রয়েছে পাঠ্যসূচিতে।
চাকরির সুযোগ
ক্রিমিনোলজি বিষয়ে পড়ে চাকরির ক্ষেত্রে সরকারি পর্যায়ে প্রথমে যেটি আসে তা হলো, পুলিশ ক্যাডার। বিসিএস পুলিশ ক্যাডার যাদের প্রথম পছন্দ, তারা এই বিভাগে পড়তে পারেন। বিভিন্ন গোয়েন্দা সংস্থা, যেমন এনএসআই, ডিজিএফআই, জেলার, কিশোর উন্নয়ন কেন্দ্রসহ নানা ক্ষেত্রে চাকরির অবারিত সুযোগ রয়েছে। তা ছাড়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষক থেকে শুরু সরকারি যেকোনো চাকরি, গবেষণা সংস্থা, বিশ্ববিদ্যালয় এবং ব্যবস্থাপনা খাতে ক্রাইম অ্যানালাইসিস, ক্রাইম ম্যানেজমেন্ট এবং গবেষণায় কাজ করার সুযোগ রয়েছে। শিক্ষার্থীদের জন্য বেসরকারি চাকরি, দেশি-বিদেশি বিভিন্ন এনজিওতে কাজ করার থাকছে বিশাল সুবিধা। টিআইবি, ব্র্যাক, আইন ও সালিশ কেন্দ্র, ব্লাস্ট, সিপিডিসহ বিদেশি গবেষণা সংস্থায় চাকরির সুযোগ রয়েছে।
বিদেশে উচ্চশিক্ষা
ক্রিমিনোলজি ব্যাচেলরস ডিগ্রি পেয়ে একজন শিক্ষার্থী উচ্চশিক্ষার পথে এগিয়ে যেতে পারেন এবং মাস্টার্স বা ডক্টরেট ডিগ্রি অর্জন করতে পারেন। এ বিষয়ে বিদেশে উচ্চশিক্ষার অবারিত সুযোগ রয়েছে। যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, কানাডা, অস্ট্রেলিয়া, সুইডেন ইত্যাদি বিশ্বের নামকরা বিশ্ববিদ্যালয়গুলোতে এ বিষয়ে উচ্চশিক্ষা নেওয়া যায়। যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া স্টেট ইউনিভার্সিটি, ফ্লোরিডা আটলান্টিক ইউনিভার্সিটি, ইলিনয় স্টেট ইউনিভার্সিটি, অস্ট্রেলিয়ার মেলবোর্ন ইউনিভার্সিটি, কুইন্সল্যান্ড, ন্যাশনাল ইউনিভার্সিটি, কানাডার টরন্টো, অটোয়া, লন্ডনের ভিক্টোরিয়া এবং ভারতের মাদ্রাজ ইউনিভার্সিটিসহ বিভিন্ন দেশে এ বিষয়ে পড়াশোনার সুযোগ রয়েছে।
লেখক : শিক্ষার্থী, ড্যাফোডিল ইউনিভাসিটি