রাজধানীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ঝটিকা মিছিলে অংশ নেওয়া কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের আরও ১৩ নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। গত সোমবার রাতে তাদের গ্রেপ্তার করে ডিবির বিভিন্ন টিম। গতকাল মঙ্গলবার ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের উপকমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, গ্রেপ্তারদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়েছে।
গ্রেপ্তাররা হলেন খিলক্ষেত থানা ছাত্রলীগের সহসভাপতি কাজী আইনুল আসিফ, যশোরের ঝিকরগাছা উপজেলার ১১ নম্বর বাঁকড়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও বাঁকড়া ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ নিছার আলী, ঢাকা মহানগর সূত্রাপুর থানা আওয়ামী মৎস্যজীবী লীগ দক্ষিণের যুগ্ম সাধারণ সম্পাদক ও সূত্রাপুর থানা ৪৪ নম্বর ওয়ার্ড বেগমগঞ্জ ইউনিট আওয়ামী লীগের সহসভাপতি মো. আমিনুল হক ফয়সাল, ছাত্রলীগের সক্রিয় কর্মী মো. আকাশ, ঢাকা মহানগর দক্ষিণের আইনবিষয়ক সম্পাদক মো. মুরসালিন তালুকদার, আওয়ামী লীগের সক্রিয় কর্মী মো. রিপন, আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য মুহম্মদ আনিসুর রহমান, বরগুনা জেলা আমতলী উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি, আমতলী উপজেলা আওয়ামী লীগ সদস্য মো. মাহবুবুল ইসলাম, বরগুনা জেলা আমতলী উপজেলা মহিলা আওয়ামী লীগ সভানেত্রী ও আমতলী উপজেলা আওয়ামী লীগ সদস্য নুসরাত জাহান লিমা, ঢাকা বিশ্ববিদ্যালয় স্যার এএফ রহমান হল ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক ও মুক্তিযুদ্ধ মঞ্চ কেন্দ্রীয় কমিটির সভাপতি এ এস এম আল সনেট, লালবাগ থানা ছাত্রলীগের সাবেক সহসভাপতি মো. বেলাল হোসেন তুহিন, মানিকগঞ্জ পৌর আওয়ামী লীগ সভাপতি মো. আরশেদ আলী বিশ্বাস এবং তিতুমীর কলেজ শাখার সাবেক ছাত্রলীগ সহসভাপতি অভিমুন্য বিশ্বাস অভি।