সৌদি আরবের রিয়াদে অপহরণের শিকার ফেনীর পরশুরামের আবদুস সালাম ভূঁইয়া সজীব (২৮) বাসায় ফিরেছেন। মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) অপহরণকারী চক্রের আটকে রাখা বাসা থেকে পালিয়ে রক্ষা পান তিনি। এর আগে অপহরণকারীরা লোহার শিকলে বেঁধে নির্যাতন করে ভিডিও পাঠিয়ে তার পরিবারের কাছে ৫ লাখ টাকা মুক্তিপণ দাবি করে।
সজীব পরশুরাম উপজেলার চিথলিয়া ইউনিয়নের পূর্ব অলকা গ্রামের আমিনুর রহমান ভূঁইয়ার ছেলে।
ভুক্তভোগীর পরিবার জানায়, রবিবার (২১ সেপ্টেম্বর) রিয়াদের যেদিদ সানাইয়া এলাকার একটি কোম্পানির অফিসের সামনে থেকে সজীবকে একটি গাড়িতে করে অজ্ঞাত স্থানে নিয়ে যায় অপহরণকারীরা। পরেরদিন সকালে তাকে শিকলে বেঁধে নির্যাতনের ভিডিও পাঠিয়ে তার পরিবারের সঙ্গে যোগাযোগ করে তারা মুক্তিপণ দাবি করে। টাকা না দিলে সজীবকে হত্যা করার হুমকিও দেওয়া হয়। পরে সজীবের কর্মস্থলের পক্ষ থেকে সৌদি আরবের পুলিশের কাছে অভিযোগ দেওয়া হয়।
সজীবের বড় ভাই আবদুল খালেক বলেন, অপহরণের পর পুলিশ ও প্রবাসীরা তাকে খুঁজে বের করতে নিরলস চেষ্টা চালায়। অপহরণকারী চক্র টের পেয়ে অন্য স্থানে নিয়ে যাওয়ার সময় সজীব একটি বাসার দোতলা থেকে লাফিয়ে নিচে পড়ে দৌড়ে সড়কে চলে আসে। সেখানে এক গাড়ি চালকের মাধ্যমে আমাকে কল দেয়। পরে রিয়াদের গেদিম সানাইয়া ফয়সালিয়া থেকে তাকে উদ্ধার করে বাসায় নিয়ে আসি। তাকে শারীরিকভাবে মারধর ও বিভিন্নভাবে নির্যাতন করা হয়েছে।
সজীবের আত্মীয় প্রবাসী সাইদুল হক বলেন, তার হাতে স্টিলের শিকল লাগানো ছিল। অপহরণকারী চক্রের বিরুদ্ধে থানায় মামলা দায়েরের পর তাকে চিকিৎসার জন্য সেখানকার একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এদিকে সজীবের মোবাইল ফোন থেকে বিভিন্ন প্রবাসীকে হত্যার হুমকি দেওয়া হচ্ছে বলে অভিযোগ করছেন তার আত্মীয় স্বজনরা। এ ঘটনার পর রিয়াদ, দাম্মাম ও জেদ্দায় কর্মরত সৌদি প্রবাসীদের মধ্যে আতঙ্ক দেখা দিয়েছে। তারা বাংলাদেশ দূতাবাস ও সৌদি সরকারের কাছে নিরাপত্তার জোর দাবি জানিয়েছেন।
পরশুরাম মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নুরুল হাকিম বলেন, অপহৃত যুবকের উদ্ধারের বিষয়টি অবগত হয়েছি। এর আগে তার বাবা থানায় এসে বিস্তারিত জানিয়েছিল। ইতোমধ্যে বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকেও জানানো হয়েছে।