রাজবাড়ীতে চাকা বদলাতে গিয়ে চালক-সহকারীর মৃত্যু

রাজবাড়ীতে সড়কের একপাশে পিকআপ থামিয়ে চাকা পরিবর্তন করছিলেন চালক ও সহকারী। এ সময় পেছন থেকে একটি ট্রাক এসে পিকআপের পেছনে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই মারা যান পিকআপের চালক ও সহকারী।

মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) রাত ১টার দিকে রাজবাড়ী সদর উপজেলার কল্যাণপুরে রাজবাড়ী-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কে এই দুঘটনা ঘটে। 

নিহতরা হলেন- কুষ্টিয়া সদরের পারখানা ত্রিমোনীর মনসুর মোল্লার ছেলে (৩৫) ও পশ্চিম মৌজমপুর এলাকার শাহিন মোল্লার ছেলে কাওসার (৩০)।

স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার রাত ১টার দিকে সদর উপজেলার কল্যাণপুর রাজবাড়ী-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কের একপাশে সবজি বোঝাই একটি পিকআপের চাকা পরিবর্তন করছিলেন পিকআপের চালক ও সহকারী। এ সময় পেছন থেকে চালবোঝাই আরেকটি ট্রাক এসে পিকআপটিকে ধাক্কা দিলে ট্রাকের নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই নিহত হন ট্রাকের চালক ও সহকারী। পরে আহলাদিপুর হাইওয়ে পুলিশ তাদের মরদেহ উদ্ধার করে রাজবাড়ী সদর হাসপাতালে পাঠান। 

আহলাদিপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শামীম শেখ জানান, মালবোঝাই ট্রাক ও পিকআপ দুটি কুষ্টিয়া থেকে ঢাকার উদ্দেশ্যে যাচ্ছিল। কল্যাণপুর এলাকায় এসে তারা দুর্ঘটনার শিকার হন। এতে পিকআপের চালক ও সহকারী নিহত হয়েছেন। মরদেহ উদ্ধারসহ ট্রাক ও পিকআপ জব্দ করা হয়েছে। এ বিষয়ে পরবর্তী আইনি পদক্ষেপ চলমান রয়েছে।