র্যাবের মহাপরিচালক অতিরিক্ত আইজিপি এ কে এম শহিদুর রহমান বলেছেন, বাংলাদেশে সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্টে কোনও রাজনৈতিক ব্যক্তি জড়িত আছে বলে আমি মনে করি না। আমাদের দেশে কিছু অসুস্থ মন-মানসিকতার কাপুরুষ লোক সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টের চেষ্টা করে। প্রতিটি ক্ষেত্রেই তাদের বিরুদ্ধে আমরা আইনগত ব্যবস্থা নিয়েছি।
আজ বুধবার দুপুরে দিনাজপুর শহরের রাজবাড়ীতে দুর্গাপূজার নিরাপত্তা সংক্রান্ত কার্যক্রম পরিদর্শনে এসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, প্রতীমা তৈরির সময় থেকে র্যাব সদস্যদের টহল জোরদার করা হয়। চলতি বছর প্রতীমা তৈরির শুরুতেই পূজা উদ্যাপন পরিষদের কেন্দ্রীয় নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময় করেছি। সেখানে আমরা তাদের অনুরোধ করেছি যেহেতু আইনশৃঙ্খলা বাহিনী নির্দিষ্ট একটি তারিখ থেকে দায়িত্ব পালন করে। পূর্বে মন্দিরে নিজ নিজ উদ্যোগে স্বেচ্ছাসেবক রাখা নিশ্চিত করবেন। আমরা দেখেছি যেখানে যেখানে মন্দিরে ভাঙচুরের ঘটনা ঘটেছে এগুলোর মধ্যে বেশির ভাগই অস্থায়ী মন্দিরে। সেই মন্দিরগুলোতে রাত্রীকালীন পাহারার ব্যবস্থা ছিল না। তাই এই সকল মন্দিরগুলোতে রাত্রীকালীন পাহারার ব্যবস্থা করা হলে ভাঙচুরের ঘটনা ঘটবে না। এখন র্যাবসহ আইনশৃঙ্খলা বাহিনী নিরাপত্তা টহল কার্যক্রম পরিচালনা করছে।
শহিদুর রহমান আরও বলেন, আরেক ধরনের লোক আছে যারা সামাজিক যোগাযোগ মাধ্যমে মিথ্যা গুজব ছড়িয়ে সমস্যা তৈরির অপচেষ্টা চালায়। এ ক্ষেত্রেও আইনশৃঙ্খলা বাহিনী সতর্ক রয়েছে। আপনারা মিথ্যা গুজবে কান দেবেন না। যারা এ ধরনের অপরাধের সঙ্গে জড়িত থাকবে, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
এ সময় উপস্থিত ছিলেন র্যাব-১৩ এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মনজুর করিম প্রদীপ, দিনাজপুরের পুলিশ সুপার মারুফাত হুসাইনসহ রাজ দেবোত্তর এস্টে ও পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এর আগে তিনি রাজবাড়ী দুর্গা মন্ডপ ও কান্তজিউ বিগ্রহ পরিদর্শন করেন।