চন্দনাইশে গ্যাস বিস্ফোরণ

দগ্ধ আরও এক শ্রমিকের মৃত্যু, নিহত বেড়ে ৬

চট্টগ্রামের সাতকানিয়া ও চন্দনাইশ উপজেলার সীমান্তবর্তী চরতী এলাকায় অনুমোদনহীন গ্যাস ক্রস ফিলিংয়ের কারখানা গুদামে সিলিন্ডার বিস্ফোরণের ঘটনায় অগ্নিদগ্ধ আরও এক শ্রমিক মারা গেছেন। বুধবার (২৪ সেপ্টেম্বর) ঢাকার জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় মোহাম্মদ রিয়াজ (২১) নামের ওই ব্যক্তি মারা যান। এ নিয়ে দগ্ধ গুদামের মালিকসহ ৬ জনের মৃত্যু হয়েছে। 

মৃত মোহাম্মদ রিয়াজ চন্দনাইশ উপজেলার হাশিমপুর ইউনিয়নের ছৈয়দাবাদ এলাকার আবদুর রহিমের ছেলে। মৃত্যুর বিষয়টি নিহত রিয়াজের ফুফাতো ভাই মোহাম্মদ নুর নিশ্চিত করেছেন।

এর আগে শনি থেকে মঙ্গলবার পর্যন্ত একই ঘটনায় ওই গুদামের ৪ শ্রমিক মো. ইদ্রিস (২৬), মো. ইউসুফ (৩০), মোহাম্মদ হারুন (১৭), মোহাম্মদ ছালে (৩০) এবং গুদামের মালিক মাহাবুবুর রহমান মাহাবু (৪৭) মারা যান।  একই ঘটনায় আহত হয়ে ঢাকার জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন রয়েছেন আরও ৪ জন। তারা হলেন মোহাম্মদ আকিব (১৭), মো. কফিল (২২),  মো. সৌরভ রহমান (২৫) ও মো. লিটন (২৮)। 

স্থানীয়রা জানিয়েছেন, প্রায় এক বছর আগে চরতী ইউনিয়নের নির্জন এলাকায় অবৈধভাবে গ্যাস ক্রসফিলিং গুদাম গড়ে তোলেন মালিক মাহাবুবুর রহমান। ওই গুদামে সরকারি বড় বোতল থেকে ছোট বোতলে গ্যাস স্থানান্তর করে বাজারজাত করা হত।

গত ১৭ সেপ্টেম্বর ভোর সাড়ে ৬টার দিকে গুদামে বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে ওই দোকানের মালিক-শ্রমিকসহ ১০ জন দগ্ধ হন। তাদের উদ্ধার করে প্রথমে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলেও পরে আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় স্থানান্তর করা হয়।