ছুটিতে দুবাই থেকে দেশে এসে সড়ক দুর্ঘটনায় মৃত্যু

কুমিল্লায় গাড়িচাপায় কামরুল হাসান রানা (২৫) নামে এক প্রবাসী যুবকের মৃত্যু হয়েছেন। বুধবার (২২ সেপ্টেম্বর) সকালে কুমিল্লা সিলেট সড়কের বুড়িচং উপজেলার পারুয়ারা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত কামরুল একই উপজেলার পীরযাত্রাপুর ইউনিয়নের উত্তর শ্যামপুর গ্রামে মৃত রমিজ উদ্দিনের ছেলে। কয়েক মাস আগে দুবাই থেকে ছুটিতে দেশে এসেছিলেন। কিছু দিনের মধ্যে আবারও সেখানে যাওয়ার কথা ছিল।

এ বিষয়ে নিহতের চাচাতো ভাই মাসুম ভূঁইয়া বলেন, রানা বিদেশ থেকে এসে কুমিল্লার আলেখারচর বিশ্বরোড এলাকায় একটি হোটেলে চাকরি নেন। আজ সকালে তিনি মোটরসাইকেলে করে বাড়ি থেকে কর্মস্থলে যাচ্ছিলেন। পথে দুর্ঘটনায় ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

ময়নামতি হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল বাহার মজুমদার বলেন, অজ্ঞাত গাড়ির চাপায় মোটরসাইকেলে আরোহী কামরুলের শরীর দ্বিখণ্ডিত হয়ে যায়। দুর্ঘটনার শিকার মোটরসাইকেল ও লাশ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় থানায় মামলা প্রক্রিয়াধীন।