নড়াইল সদর উপজেলার পাইকমারি গ্রামে বাড়ির পাশে ডোবার পানিতে পড়ে আনিসা নামে দুই বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। বুধবার (২৪ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে এ ঘটনা ঘটে। আনিসা গ্রামের স'মিল শ্রমিক সেকেন সরদারের মেয়ে।
স্থানীয় ও পরিবার সূত্রে জানা গেছে, বুধবার সকালে আনিসা বাড়ির উঠানে আরো কয়েকজন শিশুদের সঙ্গে খেলা করছিল। এ সময় পরিবারের অন্য সদস্যরা সংসারের কাজকর্মে ব্যস্ত ছিলেন। পরিবারের লোকজনের অগোচরে খেলার ছলে আনিসা বাড়ির পাশে থাকা ছোট্ট ডোবার পানিতে পড়ে যায়। এদিকে বাড়ির লোকজন তাকে দেখতে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করেন। এক পর্যায়ে ডোবার পানিতে ভাসমান অবস্থায় তাকে পাওয়া যায়। পরে স্থানীয় আলীগঞ্জ বাজারে পল্লী চিকিৎসকের কাছে নেওয়া হয়। সেখান থেকে নড়াইল জেলা হাসপাতালে নেওয়া হলে জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নড়াইল জেলা হাসপাতালের জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক ভাষিকা মিফতাহুল ফাইকা মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, বেলা ১১টার দিকে শিশুটিকে হাসপাতালে আনা হয়। তবে হাসপাতালে নিয়ে আসার আগেই শিশুটির মৃত্যু হয়েছে।
