মৌলভীবাজারের শ্রীমঙ্গলে শেভরনের কনডেনসেট পাইপলাইনে ছিদ্রের কারণে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে একই পরিবারের তিনজন দগ্ধ হয়েছেন।
মঙ্গলবার রাত ৯টার দিকে ভূনবীর ইউনিয়নের জৈন্তা ছড়া এলাকায় এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে। দগ্ধরা হলেন—বসির মিয়া (৫০), তার স্ত্রী পারভীন আক্তার (৩৭) ও ছেলে রেদোয়ান (২০)। গুরুতর অবস্থায় তাদের ঢাকায় প্রেরণ করা হয়েছে।
স্থানীয় ইউপি সদস্য সালেক মিয়া জানান, রাত ৯টার দিকে বিকট শব্দের সঙ্গে আগুন ছড়িয়ে পড়ে। ফায়ার সার্ভিসের সদস্যরা প্রায় এক ঘণ্টা কাজ করে আগুন নিয়ন্ত্রণে আনে। তাছাড়া মঙ্গলবার বিকালের দিকে বাতাসে তেলের গন্ধ পাওয়া গেলে বিষয়টি প্রশাসনকে জানানো হয়। পরে শেভরনের কর্মীরা সেখানে গিয়ে পাইপলাইনের ছিদ্র মেরামতের চেষ্টা করেন।
স্থানীয়রা জানান, বিকাল থেকেই পাইপলাইনে ছিদ্র হয়ে কনডেনসেট তেল ছড়িয়ে পড়ছিল। পাইপ থেকে ছড়িয়ে পড়া তেল ছড়ায় মিশে গেলে মাছ মরে ভেসে ওঠে। রাত ৯টার দিকে হঠাৎ ছড়ায় আগুন ধরে ভয়াবহ শিখা আকাশে উঠে যায়। এতে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে, শত শত মানুষ ঘরবাড়ি ছেড়ে নিরাপদ স্থানে চলে যায়।
ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্স মৌলভীবাজার স্টেশনের উপ-সহকারী পরিচালক মো. আলাউদ্দিন বলেন, আমাদের ৪টি ইউনিট অংশ নেয়। যেহেতু মেইন লাইন ছিল অতিরিক্ত তেলের চাপের কারণে সেজন্য প্রথমে আমাদের একটু বেগ পেতে হয়েছে। প্রথমে অগ্নি নির্বাপণের চেষ্টা করলে ব্যর্থ হই। পরবর্তীতে ফোম নিয়ে আসি এবং অগ্নি নির্বাপণে অংশ নিয়ে ফোম ব্যবহারের মাধ্যমে সম্পূর্ণভাবে অগ্নি নির্বাপণ করি। প্রায় ১ ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্ত সাপেক্ষে বলা যাবে।
ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্সের শ্রীমঙ্গল স্টেশনের কর্মকর্তা সোলাইমান আকনজি বলেন, আমাদের প্রথমে বলা হয়েছিলো বিদ্যুতের তারে আগুন লেগেছে। পরে গিয়ে দেখি তেল থেকে আগুন লেগেছে। প্রায় ১ ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।
শেভরন বাংলাদেশের মিডিয়া ও যোগাযোগ ব্যবস্থাপক শেখ জাহিদুর রহমান বলেন, দুর্বৃত্তদের অবৈধ ছিদ্রের কারণেই এ ঘটনা ঘটেছে। আহতদের প্রতি গভীর উদ্বেগ ও সহমর্মিতা প্রকাশ করেছে প্রতিষ্ঠানটি।
এছাড়া মঙ্গলবার বিকালে দুর্বৃত্তরা অবৈধভাবে পাইপলাইনে ছিদ্র করেছে বলে আমরা তথ্য পেয়েছি। আমরা দ্রুতই ঘটনাস্থল এ গিয়ে সেখানে কাজ শুরু করি৷ রাতে প্রায় ৯টার দিকে হঠাৎ করেই সেখানে আগুন আগুন লাগে যায়।
শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ইসলাম উদ্দিন বলেন, তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়ার ফলে বড় ধরনের ক্ষতি এড়ানো গেছে। প্রায় ঘণ্টাখানেক পর আগুন নেভাতে সক্ষম হয়েছে দমকল বাহিনীর সদস্যরা।