মৌলভীবাজারের শ্রীমঙ্গলে বিজিবি ও এসআরবির যৌথ অভিযানে আমদানি নিষিদ্ধ ২০ হাজার ৪৩০ প্যাকেট ভারতীয় সিগারেট জব্দ করা হয়েছে। জব্দ করা এসব সিগারেটের আনুমানিক বাজারমূল্য ৪০ লাখ ৮৬ হাজার টাকা।
শনিবার (২৪ অক্টোবর) রাতে শ্রীমঙ্গল উপজেলার ৫ নম্বর কালাপুর ইউনিয়নের রাজাপুর (কাকিয়াবাজার) এলাকায় গোয়েন্দা তথ্যের ভিত্তিতে এ অভিযান চালানো হয়। অভিযানে একজন ম্যাজিস্ট্রেট উপস্থিত ছিলেন বলে বিজিবির এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, শ্রীমঙ্গল ব্যাটালিয়ন (৪৬ বিজিবি) মৌলভীবাজার জেলার কুলাউড়া, কমলগঞ্জ ও শ্রীমঙ্গল উপজেলার সীমান্ত এলাকায় ২৪ ঘণ্টা নিরাপত্তা নিশ্চিত করতে নিয়মিত ও বিশেষ টহল, গোয়েন্দা নজরদারি এবং চোরাচালানবিরোধী অভিযান পরিচালনা করছে।
এরই ধারাবাহিকতায় গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ৪৬ বিজিবির বিশেষ টহল দল ও এসআরবি সদস্যদের সমন্বয়ে গঠিত যৌথ দল রাজাপুর (কাকিয়াবাজার) এলাকায় অভিযান চালিয়ে এসব সিগারেট উদ্ধার করে।
বিজিবি জানায়, শ্রীমঙ্গল ব্যাটালিয়ন প্রায় ১১৫ কিলোমিটার দীর্ঘ সীমান্তের নিরাপত্তার দায়িত্ব পালন করছে। মাদকদ্রব্য, অবৈধ পণ্য ও অন্যান্য আন্তসীমান্ত অপরাধ প্রতিরোধে ব্যাটালিয়নটি পেশাদারত্ব, সতর্কতা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করছে।
সীমান্তের নিরাপত্তা ও জাতীয় স্বার্থ রক্ষায় চোরাচালানবিরোধী বিশেষ অভিযান অব্যাহত রয়েছে এবং ভবিষ্যতে তা আরও জোরদার করা হবে বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়।