আনোয়ারায় ফসলের মাঠের আইলে হাঁটছে বন্যহাতি

খুব শান্তশিষ্ট দুটি বন্য হাতি। একটি সামনে আরেকটি তার পিছনে। ফসলের মাঠের আইলে-আইলে দুজনে হাঁটছে। তবে ফসলের কোনো ক্ষতি করছে না। দূর থেকে হাতিরকাণ্ড দেখছে স্থানীয় বাসিন্দারা। এ সময় কেউ ছবি তুলছেন কেউ বা ভিডিও করছেন। আবার কেউ কেউ মাউ (মামা) আসছে বলে ডাক দিচ্ছেন। বুধবার (২৪ সেপ্টেম্বর) সকাল ৮টার দিকে চট্টগ্রামের আনোয়ারা উপজেলার বারখাইন ইউনিয়নের হাজীগাঁও গ্রামের বিস্তীর্ণ ফসলের মাঠে এ চিত্র দেখা যায়।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে, হাতি দুটি সকাল থেকে ধীরে ধীরে মাঠের আইল ধরে হাঁটছিল। এতে এলাকার মানুষ আতঙ্কিত হয়ে পড়ে। তবে হাতিগুলো শান্ত স্বভাবের হওয়ায় তেমন কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

স্থানীয় কৃষক আবদুস সালাম জানান, সকালে ধানক্ষেতে গিয়ে দেখি দুটি বড় হাতি ধীরে ধীরে আইল ধরে হাঁটছে। প্রথমে ভয় পেলেও পরে দেখি ওরা শান্তভাবে ঘুরে বেড়াচ্ছে। তবে যেকোনো সময় ফসল নষ্ট করতে পারে বলে আমরা আতঙ্কে আছি।

স্থানীয়রা জানান, আট-দশ বছর ধরে দেয়াঙ পাহাড়ে বন্যহাতি আসা-যাওয়া করছে। হাতিগুলো লোহাগড়ার চুনতি ও বাঁশখালীর জলদি অভয়ারণ্য থেকে আসা-যাওয়া করে বলে জানান তারা। হাতি আসা-যাওয়ার সময় এই পথ (করিডোর) ব্যবহার করে থাকে। তবে হাতির আক্রমণে এ পর্যন্ত বহু মানুষ হতাহতও হয়েছে। তেমনি হাতির তাণ্ডবে বাড়িঘর ও ফসলের ক্ষতিও হয়েছে।

বিষয়টি নিশ্চিত করে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তাহমিনা আক্তার বলেন, হাতি আসার বিষয়ে খবর পেয়েছি। পাহাড় কেটে বসতি স্থাপন ও বনভূমি ধ্বংস হওয়ার কারণে হাতির চলাচল বেড়েছে।