পটুয়াখালীর দুমকিতে বিএনপি নেতার বাড়িতে জুয়ার আসরকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনায় আটক ইউনিয়ন শ্রমিকদল নেতা দেলোয়ার হোসেনকে ছেড়ে দিয়েছে পুলিশ।
মঙ্গলবার রাত ১১টার দিকে মুরাদিয়া ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে বিএনপির সাংগঠনিক সম্পাদক জহুরুল হক জুয়েলের বাড়িতে নিয়মিত জুয়ার আসর বসছিল। এ সময় সাবেক শ্রমিকদল সভাপতি দেলোয়ার হোসেন বখরা দাবি করলে উভয়পক্ষের মধ্যে হাতাহাতি ও সংঘর্ষ হয়।
এ ঘটনায় জুয়েলের পক্ষ থেকে অভিযোগ ওঠে, দেলোয়ার দা হাতে নিয়ে হামলা চালায়। তবে দেলোয়ারের পরিবারের দাবি, তিনি বাড়ি ফেরার পথে শব্দ শুনে ঘটনাস্থলে গিয়েছিলেন।
সংঘর্ষের পর জুয়েলের পক্ষ থেকে দেলোয়ারকে আটকে পুলিশে খবর দেয়া হয়। পরে পুলিশ এসে তাকে থানায় নিয়ে যায়।
দুমকি থানার ওসি জাকির হোসেন জানান, দেলোয়ারকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নেওয়া হয়েছিল। কোনো পক্ষ অভিযোগ না করায় তাকে বিকেল ৩টার দিকে পরিবারের জিম্মায় ছেড়ে দেওয়া হয়।