খুলনা সিটি করপোরেশনের উদ্যোগে আজ বুধবার দিনব্যাপী উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়। উচ্ছেদের আওতায় নগরীর শেরে বাংলা রোড ও ফুটপাত (ময়লাপোতা থেকে গল্লামারী পর্যন্ত) থেকে অবৈধ দখলদারদের অপসারণ করা হয়। কেসিসির এক্সিকিউটিভ ম্যাজিষ্ট্রেট কোহিনুর জাহানের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।
অপসারণ কার্যক্রম পরিচালনাকালে অননুমোদিতভাবে সড়কের ৬টি স্থানে পাথর, ইট, খোয়া ও বালু রেখে জন ও যান চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি করায় তা জব্দ করা হয়।
এ ছাড়া সড়কের উপর ইজিবাইক মেরামত করার অপরাধে মিস্ত্রি মো. আরাফাত ও তৌসিক হোসেনকে ১ হাজার টাকা করে ২ হাজার টাকা এবং ফুটপথের ওপর মোটরসাইকেল মেরামত করার অপরাধে মিস্ত্রি নজরুল ইসলামকে ১ হাজার টাকা জরিমানা করে তাৎক্ষণিক আদায় করা হয়। এ ছাড়া অভিযানকালে সড়ক ও ফুটপথের ওপর বিদ্যমান অবৈধ স্থাপনাও অপসারণ করা হয়।
কেসিসি’র এস্টেট অফিসার গাজী সালাউদ্দিনসহ মেট্রোপলিটন পুলিশের সদস্যগণ অপসারণ কার্যক্রমে অংশগ্রহণ করেন। জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে।