নতুন গানে সাবিনা ইয়াসমিন

দেশের কিংবদন্তি সংগীতশিল্পী সাবিনা ইয়াসমিন দীর্ঘদিন পর নতুন গান নিয়ে হাজির হচ্ছেন শ্রোতাদের সামনে। ‘অতীত গল্প গুলি’ শিরোনামের এই গানটি শিগগিরই প্রকাশ পেতে যাচ্ছে এফএ মিউজিকের ব্যানারে। গানটির কথা লিখেছেন ফারুক আনোয়ার, সুর ও সংগীত পরিচালনা করেছেন সম্রাট আহমেদ। নতুন গান নিয়ে সাবিনা ইয়াসমিন বলেন, ‘বহুদিন পর এমন একটি গানের কথাগুলো দেখে আমার মন ছুঁয়ে গেল। ধন‍্যবাদ ফারুক আনোয়ারকে, যিনি আমার জন‍্য একটি চমৎকার মনের মত গান লিখেছেন এবং গানের কথাগুলোর গভীরতাও বেশ ব‍্যাপক।’ 

গীতিকবি ফারুক আনোয়ার বলেন, গানটি আমি শ্রদ্ধেয় সাবিনা ইয়াসমিন আপাকে মনে করেই লিখেছি। গানের কথাগুলো তার মতো বরেণ্য শিল্পীর ভালো লাগায় আমি ধন‍্য।’ অন্যদিকে, গানটির সুরকার ও সংগীত পরিচালক সম্রাট আহমেদ জানান,গানটি যখন ফারুক আনোয়ার স্যার আমাকে সাবিনা ইয়াসমিন ম্যাডামের জন্য সুর করতে বললেন, তখন আমি স্মরণ করেছি কিংবদন্তি সুরকার শ্রদ্ধেয় আলাউদ্দিন আলী স্যারকে। কারণ সাবিনা ইয়াসমিন ম্যাডামের অধিকাংশ গানই আলাউদ্দিন আলী স্যার সুর করেছেন। আমি চেষ্টা করেছি তেমন ধাঁচের সুর করার। আশা করি গানটি প্রকাশ পেলে আপনারা একটু ব্যতিক্রম কিছু পাবেন।’ 

জানা গেছে, খূব শিগগিরই এফএ মিউজিকের ব্যানারে গানটির মিউজিক ভিডিও ডিজিটাল প্ল্যাটফর্মগুলোতে দেখা যাবে।