মেজর লিগ সকারে (এমএলএস) দাপুটে এক জয় তুলে নিয়ে মৌসুমের প্রথম বড় লক্ষ্য পূরণ করল ইন্টার মায়ামি। বুধবার নিউইয়র্কের সিটি ফিল্ডে নিউইয়র্ক সিটি এফসিকে ৪-০ গোলে হারিয়ে প্লে-অফ নিশ্চিত করেছে হাভিয়ের মাশ্চেরানোর দল। ম্যাচটিতে মেসি হ্যাটট্রিকের সুযোগ পেয়েও লুইস সুয়ারেজকে দেন পেনাল্টি শট নেওয়ার দায়িত্ব।
দলের জয়ের নায়ক ছিলেন লিওনেল মেসি। আর্জেন্টাইন সুপারস্টার দুটি গোল করার পাশাপাশি তৈরি করেছেন একাধিক সুযোগও। এছাড়া বালতাসার রদ্রিগেজ ম্যাচে একটি গোল করেন এবং লুইস সুয়ারেজ পেনাল্টি থেকে স্কোরশিটে নাম তোলেন। এই জয়ে ইন্টার মায়ামি পূর্বাঞ্চলীয় কনফারেন্সে ৫৫ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে উঠে এসেছে।
ম্যাচ শেষে সন্তুষ্টি প্রকাশ করে কোচ মাশ্চেরানো বলেন, 'আমরা মৌসুমের প্রথম লক্ষ্য পূরণ করেছি। এটা আমাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ ছিল। এখন সামনে দুই ম্যাচ বাকি, যেখানে আমরা কিছু খেলোয়াড়কে বিশ্রাম দেব, তবে একইসঙ্গে সর্বোচ্চ অবস্থান নিশ্চিত করারও চেষ্টা করব।'
তিনি আরও যোগ করেন, 'আমরা সাপোর্টারস শিল্ড জিততে চাই, তবে আগে টরোন্টোর বিপক্ষে মনোযোগী হতে হবে। খেলোয়াড়দের পুনরুদ্ধার করাতে হবে এবং প্রত্যেক ম্যাচকে সমান গুরুত্ব দিতে হবে।'
মাশ্চেরানো বিশেষভাবে প্রশংসা করেছেন মেসির উদার মানসিকতার। আর্জেন্টাইন তারকা পেনাল্টি শট সতীর্থদের দিয়ে দিচ্ছেন, যাতে দলের অন্যরা আত্মবিশ্বাস ফিরে পায়। মাশ্চেরানো বলেন, 'দলের গোল প্রয়োজন, তার (মেসির) ব্যক্তিগত রেকর্ড নয়। সুয়ারেজের গোল পাওয়া খুবই গুরুত্বপূর্ণ ছিল। এটাই মেসির বড় মানসিকতা—তিনি সবাইকে সম্পৃক্ত করতে চান।'
মায়ামির জন্য আরেকটি ইতিবাচক দিক হলো ক্লিন শিট ধরে রাখা। পুরো মৌসুমে মাত্র ছয়বার গোলশূন্য থাকতে পারল তারা। মায়ামি কোচের মতে, 'আমরা চেষ্টা করব পরবর্তী ম্যাচগুলোতেও গোল না খাওয়ার। এতে প্লে-অফে আমাদের অনেক সুবিধা হবে।'