নরসিংদীর পলাশ উপজেলার ঘোড়াশাল তাপবিদ্যুৎ কেন্দ্রে আগুন লেগে পুড়ে গেছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস। বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) ভোর সাড়ে ৪টার দিকে এ অগ্নিকাণ্ড ঘটে। এতে পলাশ উপজেলা ও পার্শ্ববর্তী কালীগঞ্জ সকাল সাড়ে ৯টা পর্যন্ত বিদ্যুৎ বিচ্ছিন্ন থাকে।
পলাশ ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার আব্দুল শহিদ জানান, ভোরে ঘোড়াশাল তাপবিদ্যুৎ কেন্দ্রের একটি ১৩২-৩৩ কেভির ট্রান্সফরমারে আগুন লাগে। খবর পেয়ে ভোর ৫ টার দিকে পলাশ ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনে ট্রান্সফরমারটি পুড়ে গেছে। প্রাথমিকভাবে ধারণা করছি শর্ট সার্কিট থেকে এ অগ্নিকাণ্ড ঘটে। তদন্ত সাপেক্ষে ক্ষয়ক্ষতির পরিমান পরে জানা যাবে।
এ দিকে, অগ্নিকাণ্ডের বিষয়ে জানতে ঘোড়াশাল তাপবিদ্যুৎ কেন্দ্রের সহকারী প্রধান প্রকৌশলী আমিরুল মোমেনিনের মোবাইল ফোনে কল দেওয়া হলে তিনি ব্যস্ততার কারণ দেখিয়ে কল কেটে দেন।