আলিয়ার নতুন মিশন

বলিউডের এই সময়ের শীর্ষ চাহিদাসম্পন্ন অভিনেত্রীদের মধ্যে অন্যতম আলিয়া ভাট। গত দুই-তিন বছরে ‘গাঙ্গুবাই কাঠিয়াবাড়ি’, ‘আরআরআর’ এবং ‘গলি বয়’-এর মতো হিট ছবি দিয়েছেন। পাশাপাশি তার দুর্দান্ত অভিনয়ের জন্য তিনি জাতীয় পুরস্কারও জিতেছেন। পুরোমাত্রার বাণিজ্যিক ছবিতে তাকে যেমন দেখা যায়, তেমনি করেছেন ভিন্ন ধারার ছবিও। ‘রকি অউর রানি কি প্রেমকাহিনি’ যেমন করেছেন, তেমনি আলিয়াকে পাওয়া গেছে ‘হাইওয়ে’ বা ‘রাজি’র মতো সিনেমায়। অভিনয়ের পাশাপাশি প্রযোজনায়ও নাম লিখিয়েছেন আলিয়া ভাট। 

 ২০২২ সালে নেটফ্লিক্সে মুক্তি পায় তার প্রথম প্রযোজিত ছবি ‘ডার্লিংস’। নিজের প্রযোজনা সংস্থা ‘ইটারনাল সানশাইন প্রোডাকশনস’কে সম্প্রসারণে মনোযোগ দিচ্ছেন লাস্যময়ী এই অভিনেত্রী। বর্তমানে সঞ্জয়লীলা বানসালির বহুল আলোচিত ছবি ‘লাভ অ্যান্ড ওয়ার’-এর শুটিংয়ে তিনি ব্যস্ত আছেন। ছবিটির ২০২৬ সালে মুক্তির কথা রয়েছে। এর পাশাপাশি প্রযোজনার ক্ষেত্রে পরিচালক সুজাত সওদাগরের সঙ্গে একজোট হয়েছেন আলিয়া। 

‘রক অন ২’ (২০১৬) ও ‘বাম্বাই মেরি জান’ (২০২৩)-এর জন্য পরিচিত এই নির্মাতার সঙ্গে আলিয়া আগামী বছরগুলোতে একাধিক বিগ বাজেটের সিনেমা নির্মাণ করবেন বলে শোনা যাচ্ছে। ভারতীয় গণমাধ্যম সূত্রে জানা যায়, প্রথমে যৌথ উদ্যোগ হিসেবে তারা তরুণদের কেন্দ্র করে একটি ক্যাম্পাসভিত্তিক গল্প নিয়ে কাজ করবেন। এ বিষয়ে ঘনিষ্ঠ একটি সূত্র জানিয়েছে, তাদের লক্ষ্য বড় পর্দার জন্য চমকপ্রদ সিনেমা এবং ওটিটি দর্শকদের জন্য আকর্ষণীয় কনটেন্ট তৈরি করা। 

এ ক্ষেত্রে প্রযোজনার দিকটি দেখবে সুজাতের কোম্পানি, আর আলিয়ার টিম সামলাবে সৃজনশীল দিক। শিগগিরই তারা সিনেমার শুটিং শুরু করবেন বলে সূত্রটি জানিয়েছে। আলিয়া ভাটকে আগামীতে শিব রাওয়াইল পরিচালিত বহুল প্রতীক্ষিত ‘আলফা’ সিনেমায় দেখা যাবে। এতে তার সঙ্গে থাকছেন শর্বরী ও ববি দেওল। এই সিনেমাটি যশরাজ ফিল্মসের জনপ্রিয় স্পাই ইউনিভার্সের সপ্তম কিস্তি হিসেবে মুক্তি পাবে। এটি আগামী ২৫ ডিসেম্বর প্রেক্ষাগৃহে আসার কথা রয়েছে।