লিটন খেললে বাংলাদেশ জিতে যেত: বাসিত আলী

ভারতের বিপক্ষে ব্যাট হাতে নিয়মিতই পারফর্ম করেন লিটন কুমার দাস। গতকাল এশিয়া কাপে ভারতের বিপক্ষে নিঃসন্দেহে তাকে মিস করেছে বাংলাদেশ। ইনজুরিতে আক্রান্ত বাংলাদেশ অধিনায়ককে মন খারাপ করে ডাগ আউটে বসে থাকতে দেখা গেছে। লিটন থাকলে হয়তো বাংলাদেশকে ৪১ রানের পরাজয় বরণ করতে হতো না বলেই মনে করেন পাকিস্তানের সাবেক ক্রিকেটার বাসিত আলী।

পরিসংখ্যান বলছে, বড় মঞ্চে ভারতের বিপক্ষে লিটনের পারফরম্যান্স বেশ ভালো। দুবাইয়ে ২০১৮ এশিয়া কাপের ফাইনালে দুর্দান্ত সেঞ্চুরি করেছিলেন। অ্যাডিলেডে ২০২২টি -টোয়েন্টি বিশ্বকাপে খেলেছিলেন ২৭ বলে ৬০ রানের বিস্ফোরক ইনিংস। ২০২৩ ওয়ানডে বিশ্বকাপে পুনেতে ৬৬ রানের ইনিংস খেলেছেন। তাই গতকাল ভারতকে ১৬৮ রানে আটকে দেওয়ার পর লিটনের নামটাই বেশিবার উচ্চারিত হয়েছে।পাকিস্তানের সাবেক ক্রিকেটার বাসিত আলী।

ম্যাচ শেষে নিজের ইউটিউব চ্যানেলে বাসিত আলীও সেটাই বললেন, ‘আজ (গতকাল) বাংলাদেশের চারজন ক্রিকেটার খেলেনি। অধিনায়ক লিটন দাসের ইনজুরি, আর বাকিরা বিশ্রামে ছিলেন। আমি মনে করি, লিটন দাস যদি খেলত তাহলে ভিন্ন কিছু হতে পারত। সম্ভবত ভারতের বিপক্ষে বাংলাদেশ জিতে যেত। কারণ ভারতের যে ফিল্ডিং আমি দেখলাম, সেটা বিশ্বের এক নম্বর দলের সঙ্গে মানানসই নয়। তারা ক্যাচ ফেলেছে।’

আজ বৃহস্পতিবার ফাইনালে ওঠার লড়াইয়ে বাংলাদেশের প্রতিপক্ষ পাকিস্তান। শক্তির দিক দিয়ে এই পাকিস্তান দল বাংলাদেশের থেকে অনেকটাই পিছিয়ে আছে। তবু বাসিত আলী আজ নিজ দেশকেই সমর্থন দিচ্ছেন, ‘আমি ৭০ শতাংশ পাকিস্তানের পক্ষে আর ৩০ শতাংশ বাংলাদেশের পক্ষে থাকব। বাংলাদেশ যেভাবে শ্রীলঙ্কার বিপক্ষে খেলেছে, সেটা ধরে রাখতে পারলে তারা সুবিধা পাবে।’