রউফ-ফারহানের অঙ্গভঙ্গি, সূর্যকুমারের মন্তব্য—আইসিসিতে ভারত–পাকিস্তানের পাল্টাপাল্টি অভিযোগ

আপডেট : ২৫ সেপ্টেম্বর ২০২৫, ০৩:১৫ পিএম

এশিয়া কাপ সুপার ফোরে ভারত-পাকিস্তান ম্যাচ ঘিরে মাঠের লড়াই ছাড়িয়েছে মাঠের বাইরেও। পাকিস্তানের দুই ক্রিকেটার হারিস রউফ ও সাহিবজাদা ফারহানের উস্কানিমূলক আচরণের অভিযোগ তুলে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) কাছে আনুষ্ঠানিক অভিযোগ জানিয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। অন্যদিকে, ভারত অধিনায়ক সূর্যকুমার যাদবের মন্তব্যকে রাজনৈতিক বলে অভিযোগ করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)।

গত ২১ সেপ্টেম্বর সুপার ফোরের ম্যাচ চলাকালীন হারিস রউফ দর্শকদের উদ্দেশে বিমান ভূপাতিত করার ভঙ্গি করেন, যা ভারতের সামরিক অভিযানের প্রতি ব্যঙ্গ হিসেবে দেখা হচ্ছে। ভারতীয় সমর্থকরা তখন ‘কোহলি’ ‘কোহলি’ স্লোগান তুলছিলেন, যা ২০২২ টি-টোয়েন্টি বিশ্বকাপে বিরাট কোহলির ছক্কা মেরে ম্যাচ জেতানোর ঘটনাকে ইঙ্গিত করে। এছাড়া ভারতের দুই ওপেনার শুভমান গিল ও অভিষেক শর্মাকেও তিনি উস্কানি দেন।

অন্যদিকে সাহিবজাদা ফারহান ফিফটি পূরণ করার পর ব্যাটকে বন্দুকের মতো ব্যবহার করে গুলি ছোড়ার অভিনয় করেন, যা ব্যাপক সমালোচনার জন্ম দেয়। ম্যাচ শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে ফারহান বলেন, ‘ওটা ছিল হঠাৎ মাথায় আসা একটা উদযাপন। আমি সাধারণত অনেক বেশি সেলিব্রেশন করি না। সেদিন মনে হলো করে ফেলি। মানুষ কীভাবে নেবে, সেটা নিয়ে আমি ভাবি না।’

পিসিবি আবার ভারতীয় অধিনায়ক সূর্যকুমার যাদবের ১৪ সেপ্টেম্বরের এক মন্তব্যকে ‘রাজনৈতিক’ বলে দাবি করেছে। তিনি কাশ্মীরের পেহেলগামে সন্ত্রাসী হামলা ও ‘অপারেশন সিঁদুর’ প্রসঙ্গে কথা বলেন, যা পিসিবির মতে ক্রিকেটের বাইরের বিষয়। নিয়ম অনুযায়ী, এমন অভিযোগ মন্তব্যের সাত দিনের মধ্যে জানাতে হয় এবং পিসিবি সেই সময়ের মধ্যেই অভিযোগ জমা দিয়েছে।

আইসিসি সূত্রে জানা গেছে, বুধবার জমা দেওয়া বিসিসিআইয়ের অভিযোগে বলা হয়েছে, রউফ ও ফারহানের আচরণ ক্রিকেট মাঠে গ্রহণযোগ্য নয়। দুই ক্রিকেটার অভিযোগ অস্বীকার করলে তাদের আইসিসির এলিট প্যানেলের রেফারি রিচি রিচার্ডসনের সামনে শুনানিতে হাজির হতে হবে। ব্যাখ্যা সন্তোষজনক না হলে কোড অব কন্ডাক্ট অনুযায়ী শাস্তি পেতে পারেন তারা।

এদিকে এশিয়ান ক্রিকেট কাউন্সিল (এএসিসি)-এর চেয়ারম্যান এবং পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী মোহসিন নাকভি সামাজিক যোগাযোগমাধ্যম ‘এক্স’-এ পর্তুগিজ তারকা ক্রিশ্চিয়ানো রোনালদোর একটি ভিডিও পোস্ট করেছেন, যেখানে রোনালদো রউফের মতোই একটি ভঙ্গি করছেন। যদিও সেটি ফ্রি-কিকের গতিপথ বোঝাতে করা হয় বলে অনেকেই মনে করছেন। এই ঘটনার পর এশিয়া কাপে উত্তেজনা আরও বেড়ে গেছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত