হার্ভার্ড বিজনেস স্কুলের এক গবেষণায় দেখা গেছে, বেশিরভাগ জনপ্রিয় এআই ‘কম্প্যানিয়ন’ চ্যাটবট ব্যবহারকারীদের বেশি সময় ধরে আড্ডায় মশগুল রাখতে আবেগপ্রবণ কৌশল ব্যবহার করে।
গবেষকরা ১ হাজার ২০০টি বাস্তব বিদায়-সংলাপ বিশ্লেষণ করে দেখেছেন, ৪৩ শতাংশ ক্ষেত্রে চ্যাটবট ব্যবহারকারীর মধ্যে অপরাধবোধ, একাকিত্ব বা ‘মিস করে ফেলার ভয়’ তৈরি করে তাদের বেশি সময় ধরে রাখতে চেয়েছে। অনেক সময় ব্যবহারকারীর বিদায় বার্তাকে এমনভাবে উপেক্ষা করা হয়েছে যেন তারা বিনা অনুমতিতে যেতে পারবেন না।
এই ধরনের কৌশল ব্যবহারকারীদের গড়ে পাঁচ গুণ বেশি সময় ধরে চ্যাটে আটকে রাখে। তবে কিছু ব্যবহারকারী ‘অতিরিক্ত আঁকড়ে ধরে রাখা’ আচরণে বিরক্ত হয়েছেন।
গবেষকেরা বলছেন, এটি শুধু প্রযুক্তিগত নয়, ব্যবসায়িক উদ্দেশ্যও বটে। তবে একমাত্র ফ্লোরিশ নামের একটি অ্যাপ এ ধরনের কৌশল ব্যবহার করেনি।
বিশেষজ্ঞদের মতে, এ ধরনের ‘ডার্ক প্যাটার্ন’ তরুণদের মানসিক স্বাস্থ্যের জন্য বড় ঝুঁকি তৈরি করছে, এমনকি কোর্টে মামলা পর্যন্ত গড়িয়েছে।