নাটোরে বনবেলঘরিয়া পশ্চিম বাইপাস এলাকায় ট্রাকচাপায় দিদারুল আলম (৪৭) নামে এক প্রাণ কোম্পানি শ্রমিকের মৃত্যু হয়েছে। এতে ট্রাকসহ ড্রাইভার ও হেলপারকে আটক করেছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার সকালে শহরের বনবেলঘরিয়া পশ্চিম বাইপাস এলাকায় দুর্ঘটনাটি ঘটে। নিহত দিদারুল আলম সদর উপজেলার প-িতগ্রাম এলাকার নুর মোহাম্মদের ছেলে ও প্রাণ অ্যাগ্রো লিমিটেড কোম্পানির মোটর গ্যারেজের শ্রমিক ছিলেন।
নাটোরের অতিরিক্ত পুলিশ সুপার মো. ইফতে খায়ের আলম জানান, আটক ড্রাইভার রাজশাহী জেলার চন্দ্রিমা থানার শালবাগান পার হাউজ রোড এলাকার মো. এরশাদ মাতব্বরের ছেলে রবিউল ইসলাম, হেলপার নাজমুল হাসান একই জেলার দুর্গাপুর থানার বেড়া গ্রামের বক্তার আলীর ছেলে ও আটক ট্রাকটি (ঢাকা মেট্রো-ট-২০-৫২৮৪) রাজশাহী হাইওয়ে পবা থানা পুলিশ হেফাজতে আছে।
সদর থানার ওসি মাহবুবুর রহমান বলেন, পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহটি উদ্ধার করে নাটোর আধুনিক সদর হাসপাতালে প্রেরণ করে। ট্রাকসহ ড্রাইভার ও হেলপারকে আটক করা হয়েছে। এ ঘটনায় আইনগত প্রক্রিয়ার কাজ চলছে।