অস্ত্রের মুখে বসতঘরে ডাকাতি, দুই ভাইকে কুপিয়ে জখম

মুন্সীগঞ্জের সিরাজদীখান উপজেলার বালুচরে একটি ডুপ্লেক্স ভবনে দুর্ধর্ষ ডাকাতি সংঘটিত হয়েছে। ডাকাতদল সহোদর দুই ভাইকে কুপিয়ে স্বর্ণালংকার ও নগদ টাকা লুটে নিয়ে চম্পট দেয়। গত বুধবার রাতে উপজেলার বালুচর ইউনিয়নের মোল্লাকান্দি গ্রামের হাজী সুরুজ্জামান সরকারের ডুপ্লেক্স ভবনে এ ডাকাতির ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় সুরুজ্জামানের দুই ছেলে শাকিল সরকার (৪২) ও শামীম সরকারকে (৪৩) ঢাকার স্কয়ার হাসপাতালে ভর্তি করা হয়েছে।

সুরুজ্জামান সরকারের ভাতিজা খোকন সরকার জানান, রাত ২টার দিকে ১৪-১৫ জনের একদল ডাকাত জানালার গ্রিল কেটে ভবনের ভেতর প্রবেশ করে। তারা প্রথমে পরিবারের সদস্যদের হাত-পা বেঁধে ফেলতে থাকে। এ সময় ডাকাতদলকে বাঁধা দিতে এগিয়ে গেলে তার চাচাতো ভাই শাকিল ও শামীমকে ধারালো অস্ত্রে এলোপাতাড়ি কোপায়। পরে ৩০ ভরি ওজনের স্বর্ণালংকার, নগদ ৩-৪ লাখ টাকা ও বেশ কয়েকটি আইফোন লুট করে নিয়ে যায় ডাকতদল।