নড়াইলে বৃদ্ধের মরদেহ উদ্ধার, পাশে পড়ে ছিল কাটা পুরুষাঙ্গ

নড়াইল সদর উপজেলার আউড়িয়া ইউনিয়নের বুড়িখালী গ্রামে আকবার ফকির (৬৫) নামে এক বৃদ্ধ ইজিবাইক চালকের গলা ও পুরুষাঙ্গ কাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

শুক্রবার (২৬ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৭টার দিকে গ্রামের একটি বাঁশ বাগানের মধ্য থেকে মরদেহটি উদ্ধার করা হয়। নিহত আকবার ফকির আউড়িয়া ইউনিয়নের শড়াতলা গ্রামের মৃত মমিন ফকিরের ছেলে। তিন পেশায় ইজিবাইক চালক ছিলেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার রাতে শড়াতলা গ্রামের নিজ বাড়ি থেকে বের হন ইজিবাইকচালক আকবার ফকির। সেদিন রাতে তিনি আর বাড়িতে ফেরেননি। শুক্রবার সকাল সাড়ে ৭টার দিকে বুড়িখালি গ্রামের একটি বাঁশ বাগানের মধ্যে তাল গাছের সঙ্গে গামছা দিয়ে হাত-পা বাঁধা আকবার ফকিরের মরদেহ দেখতে পায় স্থানীয় লোকজন। এ সময় মরদেহটির গলা ও পুরুষাঙ্গ কাটা অবস্থায় ছিল। পরে নড়াইল সদর থানা পুলিশে খবর দিলে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহটি উদ্ধার করে। তবে কি কারনে তাকে হত্যা করা হয়েছে তা জানা যায়নি।

নড়াইলের পুলিশ সুপার (এসপি) মো. রবিউল ইসলাম বলেন, আকবার ফকির নামে এক বৃদ্ধর গলা ও পুরুষাঙ্গ কাটা মরদেহ উদ্ধার করা হয়েছে। মরদেহটি ময়নাতদন্তের জন্য নড়াইল জেলা হাসপাতালে পাঠানো হচ্ছে। এ ঘটনার তদন্ত চলছে, তদন্ত করে জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনা হবে।