নড়াইলে সার ডিলারশিপ নিয়ে অপপ্রচারের অভিযোগ

আপডেট : ১৮ অক্টোবর ২০২৬, ০৪:০৯ পিএম

নড়াইলে সার ডিলারশিপ পাওয়া নিয়ে অপপ্রচার ও ষড়যন্ত্রের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন সদ্য নিয়োগপ্রাপ্ত সার ডিলার মেসার্স লামিয়া ট্রেডিংয়ের স্বত্বাধিকারী মো. রাফিউল খান। রবিবার (১৮ অক্টোবর) সকাল ১০টার দিকে সদর উপজেলার শেখহাটি ইউনিয়নের আফরা বাজারে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে রাফিউল খান দাবি করেন, তিনি সম্পূর্ণ নিয়মতান্ত্রিক ও স্বচ্ছ প্রক্রিয়ায় সার ডিলারশিপ পেয়েছেন। তবে একটি স্বার্থান্বেষী মহল তার এই অর্জনকে বিতর্কিত করতে ষড়যন্ত্র ও অপপ্রচার চালাচ্ছে।

তিনি বলেন, তার পরিবার জাতীয়তাবাদী আদর্শে বিশ্বাসী। তার বাবা বিএনপির দুঃসময়ে দীর্ঘদিন ওয়ার্ড বিএনপির সভাপতির দায়িত্ব পালন করেছেন। তাকে রাজনৈতিকভাবে হেয় করতে কখনো আওয়ামী লীগ, আবার কখনো জামায়াতের সঙ্গে সম্পৃক্ততার তকমা দেওয়ার চেষ্টা করা হচ্ছে বলে অভিযোগ করেন তিনি। তার ভাষ্য, এসব অভিযোগ সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন।

রাফিউল খান আরও বলেন, তিনি ঘুষ বা কোনো ধরনের অনৈতিক লেনদেনের সঙ্গে জড়িত নন। কৃষকদের পাশে থেকে সরকার নির্ধারিত ন্যায্য মূল্যে সার বিতরণ করতে চান তিনি। তাঁর বিরুদ্ধে অপপ্রচারকারীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ারও ঘোষণা দেন এই সার ডিলার।

সংবাদ সম্মেলনে তার প্রতি একাত্মতা প্রকাশ করেন শেখহাটি ইউনিয়ন বিএনপির সিনিয়র সহসভাপতি ও সাবেক চেয়ারম্যান সর্দার অলিয়ার রহমান, সাবেক চেয়ারম্যান গাজী সেলিম রেজা মাসুম এবং শেখহাটি ইউনিয়ন যুবদলের সভাপতি ও আফরা ৩ নম্বর ওয়ার্ডের সদস্য জাহাঙ্গীর আলম।

বক্তারা বলেন, রাফিউল খান একটি সম্ভ্রান্ত বিএনপি পরিবারের সন্তান। তার সার ডিলারশিপ পাওয়া সম্পূর্ণ বৈধ। একটি কুচক্রী মহল ঈর্ষান্বিত হয়ে এবং বঞ্চিত হওয়ার কারণে তাঁর বিরুদ্ধে ষড়যন্ত্র করছে বলে তারা দাবি করেন। এ ধরনের অপপ্রচারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান তারা।

বক্তারা আরও বলেন, রাফিউল খান সার ডিলারশিপ পাওয়ায় শেখহাটি ইউনিয়নের কৃষকেরা ভোগান্তি ছাড়াই সরকার নির্ধারিত মূল্যে সার পাবেন। একই সঙ্গে ষড়যন্ত্র ও অপপ্রচারে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানান তারা।

সংবাদ সম্মেলনে বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মী, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি এবং কৃষকেরা উপস্থিত ছিলেন।

সর্বশেষ সর্বাধিক পঠিত