নোয়াখালীর হাতিয়ায় প্রেমের সম্পর্ক সাজিয়ে সালিশ বসিয়ে জোরপূর্বক স্ট্যাম্পে স্বাক্ষর নিয়ে টাকা আদায়ের চেষ্টার অভিযোগে সংবাদ সম্মেলন করেছে ভুক্তভোগী এক পরিবার। ঘটনাটি ঘটেছে উপজেলার জাহাজমারা ইউনিয়নের পূর্ববিরবিরি গ্রামে।
বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) বিকেলে উপজেলা সদরের মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে এ অভিযোগ করা হয়।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে সাহেদ উদ্দিন বলেন, আমার ছোট ভাই পল্লী চিকিৎসক নাহিদ উদ্দিন ও এক তরুণীকে জড়িয়ে অভিযুক্তরা একটি মিথ্যা প্রেমের ঘটনা সাজায়। সাজানো ঘটনাকে কেন্দ্র করে স্থানীয় প্রভাবশালী সোহেল, প্রজেক্ট ফারুক, বড় আমির, সুমন, কাদের, আশরাফ, নিশান, রুবেল, রবিন, মাইনুউদ্দিন, জামসেদ ও বাবলুসহ কয়েকজন সালিশের নামে পরিকল্পিতভাবে আমার পরিবারের লোকজনকে ডেকে নিয়ে বেধরক মারধর করে এবং তাদেরকে ভয়-ভীতি দেখিয়ে জোরপূর্বক তাদের থেকে স্ট্যাম্পে স্বাক্ষর নেয়। তারপর তারা আমাদের কাছ থেকে মোটা অংকের টাকা দাবি করছে।
সাহেদ উদ্দিন বলেন, এটি কোনো সামাজিক সালিশ নয় বরং পূর্বপরিকল্পিতভাবে করা একটি নির্যাতনের ঘটনা। ক্ষমতা ও প্রভাব খাটিয়ে বানোয়াট প্রেমের নাটক সাজিয়ে আমাদের পরিবারকে জিম্মি করে। আমরা আইনি প্রতিকারের জন্য অ্যাডভোকেট সাদ্দাম হোসেনের কাছে গেলে সেখানে উভয় পক্ষের সম্মতিতে সমঝোতার জন্য একটি তারিখ দেওয়া হয়। সেই তারিখে আমরা উপস্থিত থাকলেও অভিযুক্তরা সেখানে যায়নি।
তিনি সংবাদ সম্মেলনে প্রশাসনের কাছে ঘটনাটির সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের দাবি জানিয়েছেন।