বিশ্বকাপ মঞ্চ মাতাতে আসছে ক্লাচ, মেপল আর যায়ু

ফুটবলের সবচেয়ে বড় আসর বিশ্বকাপ মানেই রঙ, উচ্ছ্বাস আর একতার প্রতীক। এবার সেই আনন্দে নতুন মাত্রা যোগ করতে হাজির হয়েছে তিন নতুন মাসকট—ক্লাচ, মেপল আর যায়ু। বৃহস্পতিবার ফিফা আনুষ্ঠানিকভাবে তাদের উন্মোচন করেছে।

ক্লাচ, মেপল আর যায়ু কারা?

মেপল দ্য মুস: কানাডার সব প্রদেশ ও অঞ্চলের পথে-ঘাটে ঘুরে বেড়ানো এই হরিণ প্রতীক হয়ে উঠেছে দেশের সংস্কৃতি ও বহুমাত্রিক জীবনের। গোলবার সামলানো মানে গোলকিপারের ভূমিকায় থাকবে মেপল।

যায়ু দ্য জাগুয়ার: মেক্সিকোর দক্ষিণের জঙ্গলের সন্তান যায়ু। নাচ, খাবার আর ঐতিহ্যের মাধ্যমে সে তুলে ধরে মেক্সিকান সংস্কৃতির প্রাণশক্তি। মাঠে তার দায়িত্ব স্ট্রাইকারের, অসাধারণ কৌশল আর ক্ষিপ্রতায় সবার মন জয় করবে সে।

ক্লাচ দ্য বল্ড ঈগল: আকাশচারি যুক্তরাষ্ট্রের প্রতীকী ঈগল ক্লাচ, যে কৌতূহল আর আশাবাদ নিয়ে একসঙ্গে সব সংস্কৃতি, খেলা আর মুহূর্তকে ধারণ করে। মাঝমাঠের কারিগর হিসেবে দলকে একসূত্রে বাঁধবে ক্লাচ।

ফিফা প্রেসিডেন্ট জিয়ান্নি ইনফান্তিনো বলেন, “মেপল, যায়ু আর ক্লাচ—তারা শুধু মাসকট নয়, তারা আনন্দ, শক্তি আর একতার প্রতিচ্ছবি, যেমনটা ফিফা বিশ্বকাপ নিজেই।”

এই তিন মাসকট শুধু খেলোয়াড় নয়, তারা সংস্কৃতি, ঐতিহ্য আর ভিন্নতার মাঝে ঐক্যের প্রতীক। একসঙ্গে তারা ফুটবলের বৈচিত্র্যময় সৌন্দর্যকে বিশ্বমঞ্চে তুলে ধরবে।