গ্রিনভিল ফুটসাল মাঠে সিলেট ক্যাডেট কলেজের প্রাক্তন ক্যাডেটদের মিলনমেলায় আয়োজিত ওকাস ইন্টার হাউস ফুটসাল ২০২৫ শেষ হয়েছে আনন্দঘন পরিবেশে। ২৬শে সেপ্টেম্বর সকাল থেকে রাত পর্যন্ত টানটান উত্তেজনা আর প্রতিদ্বন্দ্বিতার মধ্য দিয়ে সম্পন্ন হয় এ টুর্নামেন্টে প্রতিটি হাউস থেকে দুটি করে দল অংশ নেয়।
টানা তৃতীয়বারের মতো এবারের আসরের চ্যাম্পিয়ন হয় তিতুমীর ওয়ারিয়র্স। দলটির স্পনসর ছিল ডিসকভারি ট্যুরস অ্যান্ড লজিস্টিক— বাংলাদেশে ২০২৬ সালের যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডায় অনুষ্ঠিতব্য ফিফা বিশ্বকাপের অফিসিয়াল এক্সক্লুসিভ সেলস এজেন্ট। রানার্স-আপ হয় অ্যাটলেটিকো দ্যা রেডস (স্পনসর: হোসেন এন্টারপ্রাইজ) এবং দ্বিতীয় রানার্স-আপ হয় ব্লু লিজিয়ন্স (স্পনসর: আরপি লজিস্টিকস)।
ব্যক্তিগত পুরস্কারে গোল্ডেন গ্লাভস পেয়েছেন মেহমুদ অমিত, গোল্ডেন বুট জিতেছেন রেজওয়ান খন্দকার পিয়াস (৬ গোল), সেরা খেলোয়াড় হন নাফিজ ইমতিয়াজ উৎস এবং দর্শকদের ভোটে ফ্যানস’ প্লেয়ার নির্বাচিত হন সাদমান ভূবন। উৎসবমুখর পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ওকাসের সহ-সভাপতি মো. আব্দুল মতিন, সাধারণ সম্পাদক হাসিবুল হোসেন উপল এবং সহকারী সাধারণ সম্পাদক ওয়াহিদ হোসেন নূর সহ অন্যান্য নির্বাহী কমিটির সদস্যবৃন্দ।
এবারের আসরে দলগুলোর স্পনসর হিসেবে ছিল ডিসকভারি ট্যুরস অ্যান্ড লজিস্টিক, হোসেন এন্টারপ্রাইজ, আরপি লজিস্টিকস, Pickaboo.com, KZ Toys এবং শাহজালাল (র.) হাউস। টুর্নামেন্টের সার্বিক চিকিৎসা সহায়তায় ছিল ইউনাইটেড হেলথকেয়ার।