সৌদি আরবের পোশাক বাজারে বাংলাদেশের ভূমিকা, চ্যালেঞ্জ ও অপার সম্ভাবনা নিয়ে জেদ্দায় এক গুরুত্বপূর্ণ সেমিনারের আয়োজন করেছে বাংলাদেশ কনস্যুলেট জেনারেল, জেদ্দা।
৩য় সৌদি ফ্যাশন অ্যান্ড টেক্স এক্সপো ২০২৫-এর দ্বিতীয় দিনে শুক্রবার (২৬ সেপ্টেম্বর) জেদ্দা এক্সিবিশন অ্যান্ড কনভেনশন হলে এ সেমিনার অনুষ্ঠিত হয়।
সেমিনারের মূল প্রতিপাদ্য ছিল -‘The Apparels Sector in KSA: Navigating Challenges & Unlocking Prospects’ (সৌদি আরবে পোশাক খাত: চ্যালেঞ্জ মোকাবিলা ও সম্ভাবনা উন্মোচন)।
বক্তারা বলেন, বর্তমানে সৌদি আরবের স্থানীয় উদ্যোক্তারা নির্ভরযোগ্য ও মানসম্পন্ন সরবরাহকারী খুঁজছেন। বিশ্বের দ্বিতীয় বৃহত্তম পোশাক রপ্তানিকারক দেশ হিসেবে এই বিশাল বাজারে নিজেদের অবস্থান সুসংহত করার জন্য বাংলাদেশের সামনে এক অভূতপূর্ব সুযোগ তৈরি হয়েছে।
প্রধান অতিথি যুগ্ম সচিব নার্গিস মোর্শেদা বলেন, এই ধরনের আয়োজন শুধু বাণিজ্য প্রসারে নয় বরং বাংলাদেশে সৌদি বিনিয়োগ আকর্ষণেও সহায়ক হবে। তিনি সৌদি বায়ারদের বাংলাদেশের অনুকূল বিনিয়োগ পরিবেশের সুবিধা নেওয়ার জন্য আন্তরিক আহ্বান জানান।
সেমিনারে বাংলাদেশের পোশাক শিল্পের সক্ষমতা তুলে ধরেন সানড্রাই উইয়ার্স লিমিটেডের চেয়ারম্যান শাহ হাসান বাবর, বাদন ফ্যাশন লিমিটেডের চেয়ারম্যান,বি কে এম ই এ পরিচালক মো.মনিরুজ্জামান ও ইনফিনিটি আউটফিট লিমিটেডের চেয়ারম্যান খালেদ মোহাম্মদ ফয়সাল ইকবাল।
সেমিনারে সৌদি আরবের পোশাক খাতের বর্তমান অবস্থা, বাজারের প্রবেশাধিকারের চ্যালেঞ্জ এবং বাংলাদেশের জন্য বিদ্যমান অপার সম্ভাবনা আলোচনা উঠে আসে। এছাড়া শুল্ক-মুক্ত সুবিধা (GSP)নিয়ে ও পণ্যের বৈচিত্র্য আনয়ন-যেমন উচ্চ মূল্যের ফ্যাশন ও টেক্সটাইল পণ্য সরবরাহের বিষয়ে আলোচনায় গুরুত্ব পায়।
সবশেষে আয়োজকরা মনে করেন এই সেমিনার সৌদি আরবের সঙ্গে বাংলাদেশের দ্বিপাক্ষিক বাণিজ্য সম্পর্ককে আরও দৃঢ় ও সুদূরপ্রসারী করবে।
বাংলাদেশ কনস্যুলেটের কমার্শিয়াল কাউন্সিলর সৈয়দা নাহিদা হাবিবার সঞ্চালনায় সেমিনারে বক্তব্য রাখেন- সৌদি মিডিয়া ব্যক্তিত্ব ও উদ্যোক্তা রাজান ওহাবি, জামিল আল-হারিথি, সৌদি-বাংলা গার্মেন্টস অ্যাসোসিয়েশনের সভাপতি মোহাম্মদ রেজাউল করিম ও সৌদি-বাংলাদেশ ইনভেস্টরস ফোরামের সভাপতি আব্দুর রহমান। এছাড়া বাংলাদেশ রপ্তানি উন্নয়ন ব্যুরোর (ইপিবি) প্রতিনিধি, জেদ্দায় নিযুক্ত বিভিন্ন দেশের কূটনীতিক, সৌদি আরবের আমদানিকারক ও বায়ার, এবং বাংলাদেশ থেকে আগত ১২টি প্রতিষ্ঠানের প্রতিনিধিরা সেমিনারে অংশ নেন।