সিরাজগঞ্জ শাহজাদপুর উপজেলার বাঘাবাড়ি নৌবন্দরের বড়াল নদীতে তারুণ্যের উৎসব ২০২৫ উদযাপন উপলক্ষে দিনব্যাপী ৪৬তম জাতীয় নৌকা বাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ রোইং ফেডারেশনের আয়োজনে ও সিরাজগঞ্জ জেলা প্রশাসনের সার্বিক সহযোগিতায় শনিবার (২৭ সেপ্টেম্বর) সকাল ১১টা থেকে সন্ধ্যা পর্যন্ত এ প্রতিযোগিতা চলে।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব মো. মাহবুব-উল-আলম। সভাপতিত্ব করেন, সিরাজগঞ্জের জেলা প্রশাসক মো. নজরুল ইসলাম। এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব সেলিম ফকির, বাংলাদেশ রোইং ফেডারেশনের সহ সভাপতি জেড ওয়াই খান মজলিশ, সাধারণ সম্পাদক মাকসুদ আলম, সিরাজগঞ্জ পুলিশ সুপার ফারুক আহমেদ, শাহজাদপুর উপজেলা নির্বাহী অফিসার মো. কামরুজ্জামান প্রমুখ।
প্রধান অতিথির বক্তব্যে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব মো. মাহবুব-উল-আলম বলেন, সারা দেশে তারুণ্যের উৎসব উদযাপন করা হচ্ছে। যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের আওতাধীন সকল ফেডারেশন, ক্রীড়া সংস্থা এই তারুণ্যের উৎসব উদযাপন করে আসছে। এরই অংশ হিসাবে এদিন রোইং ফেডারেশন এ নৌকা বাইচ প্রতিযোগিতার আয়োজন করেছে। নদীমাতৃক বাংলাদেশে নৌকাবাইচ লোকায়ত বাংলার লোকসংস্কৃতির একটি অংশ। এই প্রতিযোগিতার সাথে জড়িত সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ। এ প্রতিযোগিতায় পাবনা ও সিরাজগঞ্জের মোট ৮টি নৌকা অংশ গ্রহণ করে। বাংলার এ লোক ঐতিহ্যবাহী নৌকা বাইচ দেখতে নদীপাড়ে উৎসুক জনতার ঢল নামে।
উল্লেখ্য, নৌকা বাইচ প্রতিযোগিতায় প্রথম স্থান অর্জন করেছেন পাবনার ভিটাপাড়া প্রামাণিক ফাইটার্স, প্রথম পুরষ্কার হিমাবে তাকে দেওয়া হয় ১ লক্ষ টাকা। ২য় স্থান অর্জন করেছেন পাবনার ভিটাপাড়া আজম ব্রাদার্স, ২য় স্থান অধিকারিকে দেওয়া হয় ৭৫ হাজার টাকা ও ৩য় স্থান অর্জন করেছেন শাহজাদপুরের রেশমবাড়ি গ্রামের বাংলার বাঘ সংঘ, তাকে দেওয়া হয় ৫০ হাজার টাকা।