দ্বিতীয় দফায় শুরু হওয়া জাতীয় ক্রিকেট লিগ (এনসিএল) টি-টোয়েন্টির দ্বিতীয় দিনের ম্যাচে রান তাড়া করা দুই দলই পেয়েছে জয়ের দেখা। দিনের প্রথম ম্যাচে রেজাউর রহমান রাজার ৭ বলে অপরাজিত ১৯ রানের ঝড়ো ইনিংসের কল্যাণে বরিশালকে ২ উইকেটে হারায় সিলেট। পরের ম্যাচে ঢাকা মেট্রোর ১৮৬ রানের লক্ষ্য ৮ উইকেট হাতে রেখেই ছুঁয়ে ফেলে চট্টগ্রাম।
শনিবার সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টস হেরে ব্যাটিংয়ে নেমে নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেটে ১৪১ রান তোলে বরিশাল বিভাগ। দলের হয়ে ৪৪ বলে ৪টি করে চার-ছক্কায় সর্বোচ্চ ৬০ রান করেন ফজলে মাহমুদ রাব্বী। এছাড়া অধিনায়ক সালমান হোসেন ইমন করেন ২১ বলে ৩৫ রান। বরিশালের ৭ ব্যাটসম্যান দুই অঙ্কেই যেতে পারেননি। ৪ ওভারে ২৪ রানে ৩ উইকেট নেন সিলেটের পেসার এবাদত হোসেন, একটি নেন রেজাউর রাজা।
রান তাড়ায় সিলেটের উদ্বোধনী জুটি ভাঙে ১১ রানে। দুই ওপেনার মিজানুর ১৩ এবং মুবিন ৯ রান করে আউট হন। তিনে নেমে অধিনায়ক জাকির হাসানও ৭ রানের বেশি করতে পারেননি। মিডল অর্ডারে যা একটু রান করেন অমিত হাসান আর আসাদুল্লাহ গালিব। অমিত ৩২ বলে ৩৯ আর গালিব ২২ বলে করেন ২৪ রান। শেষ দুই ওভারে জয়ের জন্য প্রয়োজন ছিল ৩০ রানের। ১৯তম ওভারে দুটি বাউন্ডারি মারেন রাজা, খালেদ হাঁকান ছক্কা। তাতে আসে ২০ রান। শেষ ওভারে রেজাউর প্রথম বলে ছক্কা হাঁকিয়ে দলকে জয়ের কাছে নিয়ে যান। তৃতীয় বলে খালেদ আউট হলেও চতুর্থ বলে বাউন্ডারি মেরে জয় নিশ্চিত করেন নাইম হোসেন সাকিব।
দিনের দ্বিতীয় ম্যাচে ঢাকা মেট্রোর দেওয়া ১৮৬ রানের লক্ষ্য তাড়া করে ১৯ বল হাতে রেখে ৮ উইকেটে জেতে চট্টগ্রাম বিভাগ। মুমিনুল হকের সঙ্গে উদ্বোধন করতে নেমে ৭১ রান করেন মাহমুদুল হাসান জয়। ১৮ বলে ৩১ রান করা মুমিনুল ৫৩ রানের জুটি গড়ে দিয়ে যান জয়কে নিয়ে। এরপর শাহাদত হোসেন দীপুকে নিয়ে দ্বিতীয় উইকেট জুটিতে ৭৪ রান যোগ করেন জয়। ৩৭ বলের ইনিংসে ৪টি বাউন্ডারির সঙ্গে ৬টি ছক্কা হাঁকান তিনি। দীপু ৩৬ বলে ৬৪ রানের হার না মানা ইনিংসে মেরেছেন ২টি বাউন্ডারি ও ৫ ছক্কা।
এর আগে টস জিতে ব্যাট করতে নেমে নাঈম শেখ ও মাহফিজুল ইসলাম রবিন উদ্বোধনী জুটিতে করেন ৮১। এরপর ৪৮ রানের মধ্যে আরও ৫ উইকেট হারায়। ৩টি করে চার ছক্কায় মাহমুদউল্লাহ রিয়াদের ২২ বলে ৪১ ও আবু হায়দার রনির ১২ বলে ২৪ রানের ক্যামিওতে ১৮৫ রান তোলে ঢাকা মেট্রো।