ভারতের মুম্বাইয়ের মুখার্জি বাড়ির দুর্গা পূজা উপমহাদেশজুড়ে বিখ্যাত। বলিউড তারকা কাজল, রানী মুখার্জিদের বাড়ির এই পুজোতে বলিউডের বহু তারকার আনাগোনা লেগে থাকে। ৭৯ বছরের এই পুজোয় চলতি বছর মুখোপাধ্যায় বাড়ির সদস্যদের মনখারাপ। কয়েক মাস আগে দেবু মুখার্জির প্রয়াণ যেন থমকে দিয়েছিল পুজোর আয়োজন। তিনি পরিচালক অয়ন মুখার্জির বাবা। কাজল এবং রানীর কাকা। তাকে ছাড়া বাড়ির পুজোর কথা ভাবতেই পারছেন না তারকারা। তবে এবছরও নিয়ম মেনে পুজো হবে।
কিন্তু পুজোর কাজে বাড়ির কোনও সদস্য থাকবেন না। এই পরিবারের তরফে সম্রাট মুখার্জি বলেন, ‘পঞ্চমীর সন্ধ্যায় মায়ের মুখ দর্শকের জন্য খুলে দেওয়া হয়েছে। পশুপতিনাথ মন্দিরের আদলে সেজে উঠেছে এবারের মণ্ডপ। অঞ্জলি, ভোগের ব্যবস্থা থাকবে। প্রতি বছরের মতো থাকছে সাংস্কৃতিক অনুষ্ঠানও। অষ্টমীর সন্ধ্যায় প্রীতম গান গাইবেন। নবমীতে থাকছেন শিল্পা রাও। ৭৯ বছরের পুজো এটা। প্রতিদিন দশ হাজার মানুষ ভোগ খান। ফলে পুজো আমাদের কাছে অন্যরকম আবেগ। যদিও আমাদের এক বছরের অশৌচ চলছে। মুখার্জি পরিবারের কেউ পুজোর কাজে থাকতে পারবে না। কিন্তু আমরা সকলেই পুজো মণ্ডপে থাকব। বিভিন্ন কাজে সাহায্য করব। কাজল, রানীও আসবে। বলিউডের বহু শিল্পী আমাদের পারিবারিক বন্ধু। তারা অনেকেই আসবেন।’