সংগীত সফর করতে বর্তমানে যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন কণ্ঠশিল্পী আতিয়া আনিসা। আর সেখানেই ঘটে গেল এক অনাকাঙ্ক্ষিত ঘটনা। ঘটেছে গালাগালের মতো পরিস্থিতিও। বিষয়টি নিয়ে সামাজিক মাধ্যমে একটি পোস্ট দিয়েছেন এই তরুণ গায়িকা। সেখানে তিনি লিখেছেন, আমি একজন শিল্পী, বয়সে ছোট হলেই আপনি আমাকে গালি দিয়ে অসভ্যের মতো কথা বলবেন—এটা আমি মেনে নিতে পারব না। গালি দেওয়া আর অসভ্য আচরণ—আমি কোনোভাবেই গ্রহণ করব না। সবাই বলে ইগনোর করতে, কিন্তু ইগনোর করলেই যদি এ ধরনের আচরণ বন্ধ হতো—তাহলে সত্যিই ইগনোর করতাম। কিন্তু চুপ থাকলে যদি অন্যায় বাড়ে, তবে সেটা মেনে নেওয়া যায় না।’
এরপর এই ঘটনার সমাধান করতে ছুটে আসেন সফরসঙ্গী গায়ক আসিফ আকবর। তার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন আতিয়া। আতিয়া আরও লিখেছেন, গান করার জন্য এসেছি; সময়, শ্রম এবং সবার বিশ্বাস নিয়ে এসেছি। প্রতিশ্রুতি অনুযায়ী কাজ না হলে আমি চুপ করে থাকব না। তাও থেকেছি । যারা দায়িত্ব নিবে না, মিথ্যা বলবে বা অপেশাদারভাবে আচরণ করবে, তাদের সামনে আমি অবশ্যই খামোখা চুপ থাকবো না। অন্যায় সহ্য করা যায়, কষ্ট মেনে নেওয়া যায়, কিন্তু অসম্মান কোনোভাবেই মেনে নেওয়া যায় না।’