প্রথমবারের মতো জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছেন কণ্ঠশিল্পী আতিয়া আনিসা। ‘পায়ের ছাপ’ সিনেমার ‘এই শহরের পথে পথে’ গানের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছ থেকে ২০২২-এর শ্রেষ্ঠ গায়িকার পুরস্কার গ্রহণ করেন জনপ্রিয় এই গায়িকা।
পুরস্কার গ্রহণের পর উচ্ছ্বাস প্রকাশ করে আনিসা দেশ রূপান্তরকে বলেন, ‘পুরো মুহূর্তটা অনেক বেশি সুন্দর ছিল। এই মুহূর্তটা আমার জন্য স্মরণীয় হয়ে থাকবে। আমি যখন মঞ্চে উঠছিলাম পুরস্কার গ্রহণের জন্য তখন ব্যাকগ্রাউন্ডে আমার গানটা বাজতেছিল। পরে আমি যখন প্রধানমন্ত্রীর কাছে গেলাম উনি বললেন, ‘গানটা অনেক সুন্দর। তুমি খুব ভালো গেয়েছো। আরও ভালো ভালো গান করো।’ এরপর আমি বললাম, দোয়া করবেন আমার জন্য। উত্তরে তিনি আমার মাথায় হাত বুলিয়ে বললেন, ‘এই যে দিলাম দোয়া করে’।
আনিসা আরও বলেন, ‘সবশেষে সবাই যখন একসঙ্গে ছবি তোলার জন্য মঞ্চে দাঁড়াল, সবার মধ্যে আমি ছিলাম অনেক ছোট। আমি যখন পেছনের সারিতে দাঁড়াই তখন রোজিনা আপু আমাকে বলে যে ওখানে দাঁড়ালে তোমাকে দেখা যাবে না। এরপর আমি সামনে আসি। অন্যদেরকে পাশ দিতে গিয়ে আমি পড়ে যাচ্ছিলাম এমন সময় আপু আমাকে টেনে তুললেন। এরপর আমি চিৎকার করে বললাম যে, আমি প্রধানমন্ত্রীর সঙ্গে ছবি তুলতে চাই! এটা শুনে তিনি রোজিনা আপুকে বললেন, ছোটদেরকেও সুযোগ দাও। এরপর আমি উনার ( প্রধানমন্ত্রী) পেছনে দাঁড়ালে তিনি আমাকে সামনে টেনে নেন। এসময় আমি উনার হাত চেপে ধরে রাখি। একটা সময় খুব ভয় লাগছিল, হাত সরিয়ে ফেলি এবং সেটা তিনি ( প্রধানমন্ত্রী) বুঝতে পেরে যান। আমাকে বলেন, হাত ধরো, সমস্যা নেই। এরপর আমি ধরে রাখি।’
