ভারত আমাদের পার্বত্য অঞ্চল কেড়ে নিতে চায়: হান্নান মাসউদ

এনসিপির জ্যেষ্ঠ যুগ্ম মুখ্য সমন্বয়ক হান্নান মাসউদ বলেছেন, বাংলাদেশের পার্বত্য অঞ্চল নিয়ে ষড়যন্ত্র চলছে। ভারত আমাদের পার্বত্য অঞ্চল কেড়ে নিতে চায়।

রবিবার (২৮ সেপ্টেম্বর) সন্ধ্যায় নোয়াখালীর হাতিয়ার চানন্দি ইউনিয়নের সাইফুল মার্কেটে ঐক্য ও সংহতির সমাবেশে তিনি এ মন্তব্য করেন।

বক্তব্যে হান্নান মাসউদ বাংলাদেশের পার্বত্য অঞ্চল নিয়ে ভারতের সম্ভাব্য ষড়যন্ত্রের অভিযোগ তুলে বলেন, বাংলাদেশের পার্বত্য অঞ্চল নিয়ে ষড়যন্ত্র চলছে। ভারত আমাদের পার্বত্য অঞ্চল কেড়ে নিতে চায়। আমরা আমাদের এক ইঞ্চি মাটিও কাউকে ছেড়ে দেবো না।

তিনি আরও বলেন, ১৯৭১ সালে যেমন পাকিস্তানের মোকাবিলা করেছি, তেমনি ২০২৫ সালে ভারতের মোকাবিলা করবো।

এনসিপির এই নেতা দেশের তরুণ নেতৃত্বকে প্রশ্নবিদ্ধ করার চেষ্টারও সমালোচনা করেন। তার মতে, তরুণ নেতৃবৃন্দ যখন মানুষের পাশে দাঁড়াচ্ছে, মানুষের কাছে আসছে, তখন তাদের বিতর্কিত করার চেষ্টা করা হচ্ছে।

এ প্রসঙ্গে তিনি দাবি করেন, বাংলাদেশ যেই পথ দেখিয়েছে, সেই পথেই ইন্দোনেশিয়া ও নেপাল স্বাধীন হয়েছে।

আসন্ন জাতীয় নির্বাচন প্রসঙ্গে হান্নান মাসউদ বলেন, ভোটের সময় বিভিন্ন অতিথি পাখি আপনাদের কাছে এসে মায়াকান্না করবে। আমি আপনাদের সন্তান, তাই কখনোই আপনাদের কাছে ভোট চাইতে আসবো না। আপনারা বিপদে-আপদে যাকে কাছে পাবেন, তাকেই ভোট দিবেন।

সমাবেশে উপস্থিত ছিলেন হাতিয়া উপজেলা এনসিপির প্রধান সমন্বয়কারী শামছল তিব্রিজ, এনসিপি নেতা ইউছুপ, বাগছাসের কেন্দ্রীয় নেতা হাফিজসহ স্থানীয় নেতাকর্মীরা।