সরকারি এলপিজির দাম আবারও বাড়তে পারে। সাড়ে ১২ কেজির এলপিজি সিলিন্ডারের দাম ৮২৫ টাকা থেকে বাড়িয়ে ৯২৫ টাকা নির্ধারণের প্রস্তাব করেছে সরকারি কোম্পানি এলপি গ্যাস লিমিটেড। কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক মো. ইউসুফ হোসেন ভূঁইয়া স্বাক্ষরিত ঐ আবেদন গত সপ্তাহে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনে (বিইআরসি) জমা দেওয়া হয়েছে।
প্রস্তাবে বলা হয়েছে, ক্রসফিলিং বন্ধ, ডিলারদের পরিবহন খরচ, অপারেশন খরচ এবং বিভিন্ন চার্জ বৃদ্ধির কারণে উৎপাদন ব্যয় বেড়েছে। পাশাপাশি বেসরকারি কোম্পানির তুলনায় সরকারি এলপিজির দাম কম থাকায় বাজারে অসামঞ্জস্য তৈরি হচ্ছে।
২০২১ সালে বলা হয়েছিল বেসরকারি কোম্পানিগুলো চড়াদামে আমদানি করলেও এলপি গ্যাস লিমিটেড দেশীয় গ্যাস ফিল্ড থেকে উপজাত হিসেবে বিউটেন ও প্রোপেন অনেক কমদামে সংগ্রহ করে। সে কারণে বিইআরসি ফর্মুলা (না লোকসান না মুনাফা) অনুযায়ী এলপি গ্যাস লিমিটেডের দর ঘোষণা করা হয়। তখন সাড়ে ১২ কেজির দাম ৬৯০ টাকা নির্ধারিত ছিল। এরপর ২০২৫ সালের ৪ মে গণশুনানি ছাড়াই দাম বাড়িয়ে ৮২৫ টাকা করা হয়,।
তখন বিইআরসি চেয়ারম্যান বলেছিলেন, সরকারি কোম্পানির এলপি গ্যাসের দামে কিছু প্যারামিটার রয়েছে। সেসব প্যারামিটারে পরিবর্তন এসেছে, সে কারণে দাম সমন্বয় করা হয়েছে। যেভাবে আমরা বেসরকারি এলপি গ্যাসের দাম প্রতিমাসে সমন্বয় করছি।
চলতি সেপ্টেম্বরে বেসরকারি কোম্পানির ১২ কেজি সিলিন্ডারের দাম ১,২৭০ টাকা নির্ধারণ করেছে বিইআরসি। তবে বাজারে ৫০ থেকে ১৫০ টাকা বেশি খরচে গ্যাস কিনতে হচ্ছে গ্রাহকদের।
এলপি গ্যাস লিমিটেডের ২০২৩-২৪ অর্থবছরের প্রতিবেদনে দেখা গেছে, প্রতিষ্ঠানটি বছরে ১২ হাজার ৭২৩ মেট্রিক টন এলপিজি বিক্রি করেছে। এর মধ্যে ৭২২ টন সেনাবাহিনীসহ ৮৩৪ টন পাইকারি আকারে সরবরাহ করা হয়েছে। করপূর্ব মুনাফা হয়েছে ১০ কোটি ২ লাখ টাকা, করোত্তর নিট মুনাফা ৬ কোটি ৩৯ লাখ টাকা।
দেশে বছরে ১৫ লাখ টনের বেশি এলপিজির চাহিদা থাকলেও সরকারি এই কোম্পানির সরবরাহের পরিমাণ খুবই কম। খুচরা বাজারে সরকারি এলপিজি সিলিন্ডার প্রায় অদৃশ্য, যা নিয়ে গ্রাহকদের মাঝে ক্ষোভ রয়েছে।
বিইআরসি ফর্মুলা অনুযায়ী দাম সমন্বয় করা হলেও গণশুনানি ছাড়াই দাম বাড়ানোর বিষয়ে ক্যাব আপত্তি জানিয়েছে এবং রাষ্ট্রপতির কাছে অভিযোগ করেছে।
এলপি গ্যাস লিমিটেডের এক কর্মকর্তা জানান, বর্তমানে ডিলাররা পরিবহন খরচ ও কমিশন বাবদ ৪১ টাকা পান, যা পর্যাপ্ত নয়। তাই দাম আরও ১০০ টাকা বাড়ানোর আবেদন করা হয়েছে।