দক্ষিণী তারকা থালাপতি বিজয়ের রাজনৈতিক দলের সমাবেশে হৃদয় বিদারক ও অনাকাঙ্খিত ঘটনার জেরে অভিনেতার রাজনৈতিক দল তামিলাগা ভেটরি কাজাগাম (টিভিকে)-এর বিরুদ্ধে মামলা করা হয়েছে। দলের দুই শীর্ষস্থানীয় নেতার বিরুদ্ধে অনিচ্ছাকৃত হত্যার অভিযোগ আনা হয়েছে।
ভারতীয় গণমাধ্যম সূত্রে জানা গেছে, মামলায় থালাপাতি বিজয়ের রাজনৈতিক দলের সাধারণ সম্পাদক ও বিজয়ের ঘনিষ্ঠ মিত্র এন আনন্দ, যুগ্ম সাধারণ সম্পাদক সি টি নির্মল কুমার, পশ্চিম করুরের জেলা সম্পাদক মথিয়াজাগানসহ ছয়জনকে আসামি করা হয়েছে। পুলিশের দেওয়া শর্ত ভঙ্গ করে ‘টিভিকে’ এবং তারা নিয়মের কোনো তোয়াক্কা করেনি বলে তাদের বিরুদ্ধে অভিযোগ তোলা হয়েছে। তবে টিভিকের একজন আইনজীবী বলেছেন, সমাবেশে দলটি পুলিশের সব নির্দেশনা মেনে চলেছে।
প্রসঙ্গত, শনিবার (২৭ সেপ্টেম্বর) ভারতের তামিলনাড়ুর করুরে আয়োজিত সমাবেশে থালাপতি বিজয় মঞ্চে দাড়িয়ে বক্তৃতা দেয়ার সময় পদদলিত হয়ে ৩৯ জনের প্রাণহানি হয়েছে। আহত প্রায় শতাধিক। এই ঘটনায় ভারতের রাজনৈতিক নেতারা হতাহতের পরিবারের প্রতি শোক ও সমবেদনা জানিয়েছেন।