সাকিব আল হাসানের অবৈধ সম্পদ অর্জন তদন্তে নতুন কর্মকর্তা

দুর্নীতি দমন কমিশন (দুদক) ক্রিকেটার সাকিব আল হাসানের বিরুদ্ধে অর্থপাচারসহ অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ অনুসন্ধানে নতুন কর্মকর্তা নিয়োগ দিয়েছে। সংস্থাটির সহকারী পরিচালক সাজ্জাদ হোসেনকে সোমবার (২৯ সেপ্টেম্বর) এই দায়িত্ব দেয়া হয়েছে।

এর আগে সাকিব আল হাসানের দুর্নীতির অভিযোগের বিষয়ে তথ্য পেতে বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিটসহ (বিএফআইইউ) বিভিন্ন দপ্তরে চিঠি দিয়েছিল দুদক।

গত জুনে শেয়ারবাজারে সাধারণ বিনিয়োগকারীদের প্রলুব্ধ করার অপরাধে সাকিব আল হাসানসহ ১৫ জনের বিরুদ্ধে মামলা করে দুর্নীতি দমন কমিশন (দুদক)। সেখানে শেয়ারবাজার থেকে ২৫৬ কোটি টাকা আত্মসাতের অভিযোগ আনা হয়। এবার সেই মামলার তদন্তের সঙ্গে অবৈধ সম্পদ অর্জন ও মানিলন্ডারিংয়ের অভিযোগ খতিয়ে দেখবেন সংশ্লিষ্ট তদন্তকারী কর্মকর্তা।