৩০ জেলায় ৯১ প্রতিষ্ঠানকে জরিমানা, আদায় ৪ লাখ ৮৪ হাজার টাকা

আপডেট : ০৮ নভেম্বর ২০২৬, ১০:২০ পিএম

নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজারে মূল্য স্থিতিশীল রাখা এবং সরকার নির্ধারিত দামে গ্যাস সিলিন্ডার বিক্রি নিশ্চিত করতে দেশব্যাপী অভিযান চালিয়েছে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর। রোববার দেশের ৩০টি জেলায় পরিচালিত এ অভিযানে বিভিন্ন অনিয়মের দায়ে ৯১টি প্রতিষ্ঠানকে মোট ৪ লাখ ৮৪ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

অধিদপ্তরের ৪০টি দল ঢাকা মহানগরসহ বিভিন্ন এলাকায় একযোগে পাইকারি ও খুচরা বাজারে এ অভিযান পরিচালনা করে। রোববার (৮ নভেম্বর) অধিদপ্তরের পক্ষ থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

অভিযানে ফল, চাল, ডাল ও ভোজ্যতেলসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম এবং সরবরাহ পরিস্থিতি পর্যবেক্ষণ করা হয়। পাশাপাশি গ্যাস সিলিন্ডারের মজুদ, সরবরাহ ও বিক্রয়মূল্য যাচাই করা হয়। সরকার নির্ধারিত দামের চেয়ে বেশি মূল্যে সিলিন্ডার বিক্রি হচ্ছে কি না, তাও খতিয়ে দেখেন কর্মকর্তারা।

তদারকির সময় ব্যবসাপ্রতিষ্ঠানে হালনাগাদ মূল্যতালিকা প্রদর্শন, ক্রয়-বিক্রয়ের রসিদ সংরক্ষণ, সঠিক ওজন ও পরিমাপ নিশ্চিত করা এবং মেয়াদোত্তীর্ণ পণ্য ও ওষুধ বিক্রি বন্ধের বিষয়গুলো পরীক্ষা করা হয়। এ ছাড়া গ্যাস সিলিন্ডারের নিরাপত্তাবিধি মানা হচ্ছে কি না এবং মেয়াদোত্তীর্ণ সিলিন্ডার বিক্রি হচ্ছে কি না, তা যাচাই করা হয়।

ভোজ্যতেলের বাজারে বিশেষ নজরদারির অংশ হিসেবে সরবরাহে ঘাটতি রয়েছে কি না এবং এক ও দুই লিটারের বোতলজাত তেল বাজারে পাওয়া যাচ্ছে কি না, তা-ও পর্যবেক্ষণ করা হয়। ফলের ক্ষেত্রে ক্রয় ভাউচার ও বিক্রির রসিদ পরীক্ষা করেন অভিযান পরিচালনাকারীরা।

এ সময় ব্যবসায়ীদের কৃত্রিম সংকট তৈরি, অযৌক্তিকভাবে পণ্য মজুদ এবং সরবরাহে বাধা সৃষ্টি না করার নির্দেশনা দেওয়া হয়। পাশাপাশি দৃশ্যমান স্থানে মূল্যতালিকা টাঙানো, সঠিক ওজনে পণ্য বিক্রি এবং সরকার নির্ধারিত দামে গ্যাস সিলিন্ডার সরবরাহের বিষয়ে সতর্ক করা হয়।

অভিযানের পাশাপাশি ভোক্তা ও ব্যবসায়ীদের মধ্যে সচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়। এতে সংশ্লিষ্ট এলাকার আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, স্বাস্থ্য পরিদর্শক, কনজুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব) এবং বিভিন্ন শিল্প ও বণিক সমিতির প্রতিনিধিরা সহযোগিতা করেন।

ভোক্তাদের প্রয়োজনের অতিরিক্ত পণ্য না কেনা এবং কেনার আগে পণ্যের মূল্যতালিকা, সর্বোচ্চ খুচরা বিক্রয়মূল্য, উৎপাদন ও মেয়াদোত্তীর্ণের তারিখ যাচাই করার পরামর্শ দিয়েছে অধিদপ্তর। পণ্য কেনার সময় বিক্রেতার কাছ থেকে রসিদ সংগ্রহ এবং ওজন ও পরিমাপ নিশ্চিত হওয়ার বিষয়েও গুরুত্ব দেওয়া হয়েছে।

পণ্য কিনতে গিয়ে কোনো ধরনের অনিয়ম বা প্রতারণার শিকার হলে অধিদপ্তরের হটলাইন ১৬১২১ নম্বরে অভিযোগ জানানোর আহ্বান জানানো হয়েছে। বাজারে শৃঙ্খলা বজায় রাখা, ন্যায্যমূল্য ও পণ্যের স্বাভাবিক সরবরাহ নিশ্চিত করার পাশাপাশি নিরাপদ খাদ্য নিশ্চিতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে সংস্থাটি।

সর্বশেষ সর্বাধিক পঠিত