এশিয়া কাপ ফাইনালে ভারতের কাছে হারের পর পাকিস্তান দলকে নিয়ে ক্ষোভ উগড়ে দিলেন সাবেক গতি তারকা শোয়েব আখতার। দলীয় পারফরম্যান্স থেকে শুরু করে কোচ মাইক হেসনের সিদ্ধান্ত এবং অধিনায়ক সালমান আলি আগার নেতৃত্ব—সবকিছু নিয়েই ক্ষোভ প্রকাশ করেছেন তিনি।
রবিবার দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত ফাইনালে পাকিস্তান ব্যাটিং ধসে পড়ে মাত্র ১৪৬ রানে অলআউট হয়। অথচ একসময় তাদের স্কোর ছিল ১১৩/১। ভারতের সামনে ১৪৭ রান তাই যথেষ্ট হয়নি। শেষ পর্যন্ত দুই বল হাতে রেখে জয় নিশ্চিত করে সূর্যকুমারের ভারত।
'এটা ম্যানেজমেন্টের দোষ। কোচিং একেবারে বেহুদা। সরি বলছি, কিন্তু এটা স্রেফ সেন্সলেস কোচিং,' পাকিস্তানি স্ট্রিমিং প্ল্যাটফর্ম তাপমাড-এ বলেন শোয়েব আখতার।
তিনি আরও অভিযোগ করেন, ম্যাচ জেতাতে সক্ষম খেলোয়াড় হাসান নওয়াজ ও সালমান মির্জাকে একাদশে না রাখাটা ছিল বড় ভুল। 'আমরা হতাশ, আমরা কষ্ট পেয়েছি। সুপার সানডে ছিল, পুরো দেশ দেখছিল। অথচ মাঝের সারি নিয়ে সমস্যা থেকেই গেছে,' যোগ করেন আখতার।
পিন্ডি এক্সপ্রেস খ্যাত শোয়েব স্পষ্ট ভাষায় বলেন, পাকিস্তানের ব্যাটিং অর্ডারে সমস্যা অনেকদিনের। 'আমাদের মিডল অর্ডার দুর্বল, এটা সবাই জানে। তারপরও মোহাম্মদ নওয়াজের ওপর বাড়তি চাপ, কিংবা শাহীন আফ্রিদি ও ফাহিম আশরাফকে উপরের দিকে ব্যাট করানো—এসব সিদ্ধান্ত প্রশ্নবিদ্ধ। যদি শেষ দিকে ৫০ রানও যোগ করতে পারতাম, তাহলে ১৭৫ পর্যন্ত যেতাম। কিন্তু এখানে একের পর এক ভুল হয়েছে,' ক্ষোভ প্রকাশ করেন তিনি।
অধিনায়ক সালমান আলি আগার সিদ্ধান্ত নিয়েও অসন্তুষ্ট শোয়েব। বিশেষ করে হারিস রউফকে আক্রমণে আনার সিদ্ধান্ত নিয়ে। 'ক্যাপ্টেন্সি নিয়েও প্রশ্ন আছে। যখন স্পিনাররা চাপ তৈরি করছিল, তখন হারিস রউফকে এনে ১৭ রান দেওয়ার কোনো মানে নেই। এ ধরনের সিদ্ধান্তই ম্যাচ হাতছাড়া করেছে,' মন্তব্য করেন তিনি।
শোয়েব আখতার অবশ্য শেষ পর্যন্ত বলেন, 'ভুল হয়েছে, হেরেছি—কিন্তু ঠিক আছে। এগুলো থেকে শিক্ষা নিতে হবে।'