ঠাকুরগাঁওয়ে বন্ধ ঘর থেকে মা ও মেয়ের অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (২৯) সন্ধ্যায় সদর উপজেলার ভূল্লী থানার মাদারগঞ্জ গ্রামের নিজ বাড়ি থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়।
মৃতরা হলেন-ওই গ্রামের জগদীশ চন্দ্র রায়ের স্ত্রী সমিলা রানী (৪৫) ও তাদের মেয়ে শাপল রানী (১৮)।
স্থানীয়দের বরাতে ভূল্লী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল সরকার জানান, সমিলা রানী তার শারীরিক প্রতিবন্ধী মেয়েকে নিয়ে বাড়িতে একা থাকতেন। তার স্বামী দ্বিতীয় সংসারে থাকেন। বিকেলে এনজিও মাঠকর্মী এসে খোঁজাখুঁজি করলে তাদের কোনো সাড়াশব্দ মেলেনি৷ ঘরের দরজা বন্ধ ছিল। একপর্যায়ে ঘর থেকে আসা দুর্গন্ধ ছড়িয়ে পড়ে। পরে খবর পেয়ে পুলিশ গিয়ে ঘটনাস্থল থেকে অর্ধ গলিত মরদেহ দুটি উদ্ধার করে।
থানার উপপরিদর্শক (এসআই) দীন মোহাম্মদ বলেন, দরজায় স্পর্শ করার পর বিদ্যুতের সংযোগ মিলেছে৷ শর্টসার্কিটের কারণে মৃত্যু ঘটতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করছি। মরদেহ উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর আসল কারণ জানা যাবে।