জুলাই-আগস্ট মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিনজনের বিরুদ্ধে মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) ৩য়দিনের মতো সাক্ষ্য দেবেন মূল তদন্ত কর্মকর্তা মো. আলমগীর। তিনি এ মামলায় ৫৪তম ও শেষ সাক্ষী।
এর আগে তার জব্দকৃত জুলাই আন্দোলনে নৃশংসতা যমুনা টেলিভিশন, বিবিসি ও আল জাজিরাসহ বিভিন্ন গণমাধ্যমে প্রচারিত চারটি ভিডিওচিত্র প্রদর্শিত হয় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে।
এদিনও সাক্ষ্যগ্রহণ সরাসরি সম্পচার করা হয়। এতে উঠে আসে, সরকারি হিসেব মতেই ৩ লাখ ৫ হাজার রাউন্ড গুলি ছোড়ে আইনশৃঙ্খলা বাহিনী।
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিশেষ তদন্ত কর্মকর্তা ও প্রসিকিউটর তানভীর জোহা জানান, জুলাই আন্দোলন দমাতে ফোনে হাজারো নির্দেশনা দেন গণঅভ্যুত্থানে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তবে তার সেই সব কলরেকর্ড মুছে ফেলেন এনটিএমসির সাবেক মহাপরিচালক জিয়াউল আহসান।
তানভীর জোহা আরও জানান, একইসঙ্গে মুছে ফেলা হয় সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুন এবং সাবেক এক পরিকল্পনা মন্ত্রীর কল রেকর্ডও। এদিকে আজ রংপুরের বেরোবির শিক্ষার্থী আবু সাঈদ মামলার ৯ম দিনের সাক্ষ্যগ্রহণ হবে ট্রাইব্যুনাল–২ এ।