খাগড়াছড়িতে আজও চলছে ১৪৪ ধারা, নিরাপত্তা জোরদার

আপডেট : ৩০ সেপ্টেম্বর ২০২৫, ১০:৪৭ এএম

খাগড়াছড়িতে তৃতীয় দিন ধরে বলবৎ রয়েছে ১৪৪ ধারা। এ অবস্থায় জোরদার করা হয়েছে নিরাপত্তা ব্যবস্থা। জুম্ম ছাত্র-জনতার সড়ক অবরোধ শিথিল থাকলেও জেলায় চলছে না কোনো অভ্যন্তরীণ বা দূরপাল্লার যানবাহন।

এদিকে, খাগড়াছড়ি সদর ও গুইমারা উপজেলায় হামলা, ভাংচুর এবং রামগড়ে বিজিবির ওপর হামলার ঘটনায় এখনও কোনো মামলা করা হয়নি।

গুইমারায় সংঘর্ষে আহত ১৩ জনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় নিহত তিনজনের মরদেহ ইতিমধ্যে তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। 

ঘটনাস্থল পরিদর্শনে সেনাবাহিনীর উর্ধ্বতন কর্মকর্তাদের যাওয়ার কথা রয়েছে।

অন্যদিকে, পার্বত্য বান্দরবান ও রাঙ্গামাটি জেলার জনজীবন এখন স্বাভাবিক রয়েছে। 

উল্লেখ্য, গত শনিবার খাগড়াছড়িতে এক পাহাড়ি নারীকে ধর্ষণের অভিযোগের প্রতিবাদে জুম্ম ছাত্র-জনতার ব্যানারে সড়ক অবরোধের সময় সংঘর্ষ ও হামলার ঘটনা ঘটে। তখনই খাগড়াছড়ি সদর, পৌর এলাকা ও গুইমারা উপজেলায় ১৪৪ ধারা জারি করে জেলা প্রশাসন।

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত