এশিয়া কাপের তিনটি ভারত-পাকিস্তান ম্যাচেই দেখা গেছে মাঠে খেলোয়াড়দের নানা অঙ্গভঙ্গি। হারিস রউফ ও জাসপ্রিত বুমরার ফাইটার জেট ভঙ্গি থেকে শুরু করে শাহিন শাহ আফ্রিদি ও অভিষেক শর্মার চোখে চোখ রেখে লড়াই।
এমন আচরণের সমালোচনায় মুখ খুললেন ভারতের বিশ্বকাপজয়ী সাবেক তারকা উইকেটকিপার সৈয়দ কিরমানি।
তিনি বলেন, বর্তমান যুগের ক্রিকেট তাকে ভীষণভাবে হতাশ করছে, কারণ আগের দিনের মতো আন্তরিকতা ও ভ্রাতৃত্ববোধ এখন আর দেখা যায় না। 'মাঠে খুবই রূঢ় ও অহংকারী ভঙ্গি দেখা যাচ্ছে। আমি শুধু এশিয়া কাপ নয়, সামগ্রিক ক্রিকেটের কথাই বলছি। খেলাটায় ভদ্রলোকসুলভ আচরণ অনেকটাই হারিয়ে গেছে।'
কিরমানি জানান, বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে তার বন্ধুদের কাছ থেকে বার্তা পাচ্ছেন। 'ভারত দলের কী হয়েছে? মাঠে এ কী রাজনীতি চলছে?' এই সমালোচনায় তিনি বিব্রত। তার ভাষায়, 'বন্ধুরা বলে, আমাদের সময়ে ক্রিকেটাররা ভদ্রলোকের মতো খেলত। এখনকার যুগে কী হয়ে গেল ক্রিকেটারদের?'
এশিয়া কাপকে ঘিরে তিক্ততার মাত্রা আরও বেড়েছিল, কারণ পেহেলগাম সন্ত্রাসী হামলা ও পরবর্তী 'অপারেশন সিন্দুর' এর প্রভাব ছড়িয়ে পড়ে ম্যাচগুলোতে।
ভারতীয় খেলোয়াড়রা ম্যাচ শেষে প্রতিপক্ষের সঙ্গে হাত মেলাতে অস্বীকার করেন, এমনকি ফাইনালে শিরোপা জয়ের পর এশিয়ান ক্রিকেট কাউন্সিলের প্রধান মোহসিন নকভীর কাছ থেকে ট্রফি নিতেও রাজি হননি।
তার মতে, রাজনীতি কখনোই খেলাধুলায় আসা উচিত নয়। 'মাঠের বাইরের বিষয়গুলো মাঠে টেনে এনো না। রাজনীতি আর ক্রিকেটকে গুলিয়ে ফেলো না। আমাদের সময়ে ভারত-পাকিস্তান খেলোয়াড়দের মধ্যে দারুণ সম্পর্ক ছিল। পাকিস্তানে গেলে আতিথেয়তা, ভালোবাসা, আন্তরিকতায় ভরপুর থাকত সবকিছু। এখনকার দৃশ্যপট দেখে একজন ক্রিকেটার হিসেবে আমার মাথা নিচু হয়ে যায়।'