এশিয়া কাপ ব্যর্থতায় সমর্থকদের কাছে ক্ষমা চাইলেন লিটন দাস

আপডেট : ৩০ সেপ্টেম্বর ২০২৫, ০২:০৪ পিএম

এশিয়া কাপে বাংলাদেশ থেমেছে সুপার ফোর পর্বেই। সুপার ফোরে শেষ দুই ম্যাচে ভারত ও পাকিস্তানের কাছে হারে বাংলাদেশ। পাকিস্তানের বিপক্ষে জিততে পারলে ফাইনালে খেলতে পারতো দল। ইনজুরির কারণে শেষ দুই ম্যাচে খেলতে পারেননি নিয়মিত অধিনায়ক লিটন দাস। অধিনায়কত্ব করেন জাকের আলী।  

তবে দলীয় ব্যর্থতা আর নিজের চোট মিলিয়ে লিটনের হৃদয়ের ক্ষত এখনও দগদগে। এশিয়া কাপের ফাইনাল খেলতে না পারায় দলের পক্ষ থেকে ক্ষমা চাইলেন তিনি।

এশিয়া কাপ থেকে বিদায়ের পাঁচ দিন পর সামাজিক মাধ্যমে সমর্থকদের জন্য দেওয়া বার্তায় লিটন লেখেন, '২০২৫ এশিয়া কাপে দল হিসেবে আমরা আমাদের সেরাটা দিয়েছি। আমাদের চূড়ান্ত লক্ষ্য ছিল ফাইনালে খেলা ও জেতা, তবে দুর্ভাগ্যাজনকভাবে আমরা তা অর্জন করতে পারিনি। বাংলাদেশের অনুরাগী সব সমর্থকের কাছে দল হিসেবে আমরা আন্তরিকভাবে ক্ষমা প্রার্থনা করছি।'

সাইড স্ট্রেনের চোটের কারণে আফগানিস্তানের বিপক্ষে সামনের টি-টোয়েন্টি সিরিজেও খেলতে পারবেন না লিটন।

লিটন আরও লেখেন, 'ব্যক্তিগতভাবে, চোটের কারণে শেষ দুই ম্যাচ খেলতে না পারা ছিল হৃদয় ভেঙে যাওয়ার মতো। একই কারণে সামনের আফগানিস্তান সিরিজেও খেলতে পারব না আমি। সেরে ওঠার সর্বোচ্চ চেষ্টা করেছি, তবে পারিনি। এই বেদনা আমাকে লম্বা সময় পোড়াবে।'

ব্যর্থতা পেরিয়ে দলকে সাফল্যের আলোয় রাঙানোর আশ্বাস দিলেন লিটন। 'টুর্নামেন্টজুড়ে উপচেপড়া সমর্থনের জন্য আপনাদের প্রত্যেককে অনেক ধন্যবাদ। ক্রীড়াবিদ হিসেবে আমরা আপ্লুত যে, বিশ্বের সেরা সমর্থক আমাদের। আশা করি, আপনাদের যা প্রাপ্য, খুব দ্রুতই তা উপহার দিতে পারব।'

আফগানিস্তানের বিপক্ষে বাংলাদেশের টি-টোয়েন্টি সিরিজ শুরু হবে বৃহস্পতিবার। এরপর আছে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ।

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত