বিশ্বকাপে বাংলাদেশের প্রথম সেঞ্চুরিটা করতে চান শারমিন সুপ্তা

দুবার খুব কাছাকাছি গিয়েও সেঞ্চুরি করতে পারেননি শারমিন আক্তার সুপ্তা। সেই হতাশা তিনি ভুলতে চান ওয়ানডে বিশ্বকাপের বড় মঞ্চে। বাংলাদেশের প্রথম ব্যাটার হিসেবে ওয়ানডে বিশ্বকাপে তিন অঙ্ক ছুঁতে চান অভিজ্ঞ এই ক্রিকেটার। আজ মঙ্গলবার ভারত-শ্রীলঙ্কা ম্যাচ দিয়ে শুরু হয়েছে নারী ওয়ানডে বিশ্বকাপ আসর। আগামীকাল কলম্বোতে পাকিস্তানের বিপক্ষে নিজেদের প্রথম ম্যাচ খেলবে বাংলাদেশ। এরপর আছে আরও ছয়টি ম্যাচ।

সুযোগ কাজে লাগিয়ে টুর্নামেন্টের ইতিহাসে বাংলাদেশের প্রথম ব্যাটার হিসেবে সেঞ্চুরি করার আশা সুপ্তার। আইসিসিকে দেওয়া সাক্ষাৎকারে সুপ্তা বলেন, 'প্রথম সেঞ্চুরির জন্য আমাকে আরেকটু ভালো চেষ্টা করে যেতে হবে। আর বিশ্বকাপের মঞ্চে একটি সেঞ্চুরি করতে পারা দারুণ ব্যাপার হবে। আমি নিজের সেরাটা দিয়ে চেষ্টা করছি এবং আগের ভুলের সময়গুলো থেকে শিক্ষা নিচ্ছি।'

সুপ্তা জানান তিনি ভালো খেললে সেটা দলের জন্যও মঙ্গল। 'দলের জন্য আমি ভালো খেলতে চাই। সেই চেষ্টাই করছি। আমি যদি ভালো করতে পারি, তাহলে আমার দলও ভালো ফল পাবে। তবে আমি যদি সেঞ্চুরিটি করতে পারি, তাহলে আমার জন্য আজীবনের সুখস্মৃতি হবে এটি।'

গত বছরের নভেম্বরে প্রায় ১৬ মাসের বিরতির পর জাতীয় দলে ফেরেন সুপ্তা। এরপর থেকে চমৎকার ছন্দে আছেন। আয়ারল্যান্ডের বিপক্ষে তিনি খেলেন ক্যারিয়ার সেরা ৯৬ রানের ইনিংস। চলতি এপ্রিলে হওয়া বিশ্বকাপ বাছাইপর্বে পাঁচ ম্যাচে তিন ফিফটিতে ২৬৬ রান করেন সুপ্তা।সব মিলিয়ে গত বছর জাতীয় দলে ফেরার পর থেকে খেলা ১১ ম্যাচে ৫৬.৭০ গড়ে সুপ্তার সংগ্রহ ৫৬৭ রান। বিশ্বকাপের প্রস্তুতি ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে খেলেন ৭১ রানের ইনিংস।